২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

পর্যাপ্ত নিরাপত্তা নেওয়া হলে বেনজিরকে রক্ষা করা যেতো

জাতিসংঘের এক তদন্ত প্রতিবেদনে বলা হয়েছে, পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী বেনজির ভুট্টোর জন্য পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হলে তাকে রক্ষা করা সম্ভব হোতো।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Apr 2010, 06:21 AM

Updated : 24 Aug 2022, 08:32 PM

জাতিসংঘ, এপ্রিল ১৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- জাতিসংঘের এক তদন্ত প্রতিবেদনে বলা হয়েছে, পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী বেনজির ভুট্টোর জন্য পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হলে তাকে রক্ষা করা সম্ভব হোতো। এই প্রতিবেদনটি বৃহস্পতিবার জাতিসংঘ মহাসচিব বান কি মুনের কাছে পেশ করা হয়। এতে বলা হয়, পাকিস্তান সাবেক প্রধানমন্ত্রী বেনজির ভুট্টোকে রক্ষা করতে এবং তাকে হত্যা ঘটনা তদন্তে ব্যর্থ হয়েছে। এমনকি, জাতিসংঘ এই হত্যার ঘটনার যে তদন্ত করেছে তাতে কোন ধরনের সহযোগিতাই করেনি। বেনজির ২০০৭ সালের ২৭ ডিসেম্বর রাওয়ালপিণ্ডিতে নির্বাচনী মিছিল করার সময় আত্মঘাতী বোমা হামলা ও আততায়ীর গুলিতে নিহত হন। আট বছর স্বেচ্ছা নির্বাসনে থাকার পর দেশে ফেরার কয়েকদিন পরই তিনি এই নির্বাচনী মিছিলে যোগ দেন। জাতিসংঘে চিলির রাষ্ট্রদূত হেরাল্ডো মঞ্জের নেতৃত্বে গঠিত তিন সদস্যের এই কমিশন দীর্ঘ নয় মাস ধরে বেনজির হত্যাকাণ্ডের তদন্ত চালায়। তদন্ত প্রতিবেদনে বলা হয়, ওই মিছিলে যে গড়িটিতে বেনজির ছিলেন তার কাছে গিয়ে সাড়ে ১৫ বছর বয়সী এক কিশোর আত্মঘাতী হামলা চালায়। ওই কিশোর একা এ কাজ করেছে তা কেউই বিশ্বাস করে না। এতে আরও বলা হয়, পাকিস্তানের চিহ্নিত কয়েকজন উচ্চপদস্থ সরকারি কর্মকর্তা জাতিসংঘের তদন্ত কমিশনের সদস্যদের বিভ্রান্ত করার অপচেষ্টা চালিয়েছেন। এ ঘটনায় সেনাবাহিনী ও গোয়েন্দা সংস্থাগুলোর জড়িত থাকার প্রমাণ যাতে না মেলে তারা সে চেষ্টা করেছেন। প্রতিবেদনে বলা হয়, বেনজির হত্যাকাণ্ড তদন্তে পাকিস্তানি কর্তৃপক্ষের যে ব্যর্থতা তা 'উদ্দেশ্যপ্রণোদিত' বলেই প্রতীয়মান হয়। হত্যাকাণ্ডের প্রেক্ষাপট ও প্রকৃত রহস্য উদঘাটনে এই তদন্ত কমিশন এখনও সক্ষম। তবে তাদের তদন্তকাজ 'ব্যাপকভাবে বাধাগ্রস্ত' হয়েছে। বেনজির হত্যাকাণ্ডে কারা জড়িত প্রতিবেদনে তা উল্লেখ করা হয়নি। তবে দেশটির ক্ষমতাধর সেনাবাহিনী ও নিরাপত্তা বাহিনীর জড়িত থাকার বিষয়টিও একেবারে সন্দেহের তালিকা থেকে বাদ দেওয়া হয়নি। প্রতিবেদনে পাকিস্তান সরকারের প্রতি এই হত্যাকাণ্ডের সঠিক তদন্ত করার জন্য আহ্বান জানানো হয়েছে। পাকিস্তান সরকার এ ব্যাপারে তাৎক্ষণিকভাবে কোনো প্রতিক্রিয়া প্রকাশ করেনি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/কেএমএস/১২১০ঘ.