শিকাগো, এপ্রিল ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- মানবদেহে কৃত্রিম অগ্নাশয় স্থাপন করে সফল হয়েছেন যুক্তরাষ্ট্রের গবেষকরা। ১১ জন রোগীর ওপর চালানো এই পরীক্ষায় সুফল পাওয়া গেছে বলে তারা বুধবার জানান।
এই কৃত্রিম অগ্নাশয় রক্তে চিনির পরিমাণ নিয়ন্ত্রণ করবে। এছাড়া সেটি ইনসুলিন ও গ্লুকাগন নামক নিয়ন্ত্রক হরমোন তৈরিতেও সহায়তা করবে। এই গ্লুকাগন রক্তে চিনির মাত্রা ২৪ ঘন্টারও বেশি সময় ধরে প্রায় স্বাভাবিক রাখতে সহায়তা করে।
গ্লুকোজ মনিটর, দুটি পাম্প এবং একটি ল্যাপটপের সাহায্যে এই কৃত্রিম অগ্নাশয় কাজ করে। প্রাকৃতিক উপায় রক্তে চিনির উচ্চ ও নিু মাত্রা যে ভাবে নিয়ন্ত্রণ হয় সে বিষয়টি মাথায় রেখে এই কৃত্রিম অগ্নাশয় তৈরি করা হয়েছে।
এর আগের গবেষণায় যে কৃত্রিম অগ্নাশয় তৈরি হয়েছিল সেটি শুধু ইনসুলিন তৈরি করতো। এর ফলে কোন কোন ক্ষেত্রে অনেক রোগীর রক্তে চিনির মাত্রা একেবারে কমে যেতো যা হাইপোগ্লাইসেমিয়া নামে পরিচিত।
সায়েন্স ট্রানশ্লেলেশন মেডিসিন জার্নালে প্রকাশিত নতুন গবেষণায় বলা হয়েছে, অল্প মাত্রায় কয়েকবার গ্লুকাগন প্রয়োগ করলে তা রক্তে চিনির মাত্রা স্বাভাবিক করতে সহায়তা করবে এবং তাতে হাইপোগ্লাইসেমিয়ার ঝুঁকি কমে যাবে।
একটি অত্যাধুনিক কম্পিউটার প্রোগ্রামের সঙ্গে সমন্বয় করার পর ওই ১১ জন রোগীর রক্তে চিনির মাত্রা নিয়ন্ত্রণে চলে আসে। তাদের কেউই হাইপোগ্লাইসেমিয়ায় আক্রান্ত হয়নি।
বোস্টনের ম্যাসাচুসেটস জেনারেল হাসপাতালের ডা. স্টিভেন রাসেল এর নেতৃত্বে এই গবেষণা পরিচালিত হয়। তিনি বলেছেন, এটিই প্রথম কৃত্রিম অগ্নাশয় যাতে ইনসুলিন এবং গ্লুকাগন দুই ব্যবহৃত হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/বিবি/কেএমএস/১৫৪৩ঘ.
bdnews24