ব্যাংকক, এপ্রিল ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- থাইল্যান্ডে প্রধানমন্ত্রী অভিজিৎ ভেজ্জাজিভার সরকার পতনের লক্ষ্যে চূড়ান্ত লড়াইয়ের জন্য বৃহস্পতিবার নতুন করে রাজধানী ব্যাংককের শপিং মার্কেট এলাকায় জড়ো হচ্ছে আন্দোলনকারী লাল শার্টরা।
থাইল্যান্ডের নববর্ষ উপলক্ষে তিন দিনের অনুষ্ঠানের শেষ দিন রাজধানী ব্যাংককের পরিস্থিতি শান্ত মনে হলেও বিশ্লেষকদের ধারণা, প্রধানমন্ত্রী অভিজিৎ ভেজ্জাভিজ্জির সময় শেষ হয়ে এসেছে এবং ক্রমেই বেড়ে যাচ্ছে দেশটিতে নতুন কোনও সামরিক অভ্যুত্থানের সম্ভাবনা।
শুক্রবার ব্যাংককের অর্থ বাজার খুললেও বিশ্লেষকদের ধারণা, সোমবারের সংঘর্ষে ২২ জন নিহতের ঘটনায় শেয়ার বাজারে ৩ দশমিক ৬৪ শতাংশ দর পতনের পর নতুন করে আবারও দরপতন হতে পারে।
লাল শার্টদের নেতা নাত্তাউত সাইকুয়া বলেন, "আমরা আগামী দুই দিন কোনও ধরনের বিক্ষোভ করব না। কারণ এ কয় দিন দেশের গ্রামাঞ্চল থেকে আসা লাল শার্ট ভাই ও বোনদের থাকা খাওয়ার ব্যবস্থা করতে আমরা ব্যস্ত থাকব।"
এক মাসেরও বেশি সময় ধরে চলছে লাল শার্টদের সরকার বিরোধী আন্দোলন। কিন্তু এর পরও কোনও আশু সমাধানের আশা দেখতে পাচ্ছে না তারা।
তবে আান্দোলন ক্রমেই নেতিবাচক প্রভাব ফেলছে দেশটির অর্থনীতিতে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএমএইচ/এলকিউ/১৫১৬ ঘ.
bdnews24