নিউ ইয়র্ক, ১৪ এপ্রিল (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)--- অ্যাপল কোম্পানির জনপ্রিয় নতুন আইপ্যাড ট্যাবলেট কম্পিউটার আন্তর্জাতিক বাজারে ছাড়তে এক মাস দেরী হবে। যুক্তরাষ্ট্রের বাজারে প্রথম সপ্তাহে প্রত্যাশার চেয়েও বেশি আইপ্যাড বিক্রি হওয়াতেই এ বিলম্ব।
অ্যাপল ইনক বুধবার একথা জানিয়েছে।
৩ এপ্রিল যুক্তরাষ্ট্রের বাজারে ছাড়ার পর এক সপ্তাহে ৫ লাখের বেশি ইউনিট বিক্রি হয়েছে বলে জানিয়েছে অ্যাপল। আগামী কয়েক সপ্তাহে আইপ্যাডের চাহিদা যোগানের তুলনায় আরো বেড়ে যাবে বলে আশা করছে তারা।
আগামী ১০ মে অ্যাইপ্যাডের আন্তর্জাতিক মূল্য ঘোষণা এবং অনলাইনে বিক্রির অর্ডার নিতে শুরু করার পরিকল্পনা রয়েছে বলে জানিয়েছে অ্যাপল।
আইপ্যাড বাজারে আসতে এ বিলম্ব বিদেশি গ্রাহকদের হতাশ করবে এবং খুচরা বিক্রেতাদের মাথাব্যাথার কারণ হয়ে দাঁড়াবে বলেই মনে করা হচ্ছে। এতে করে আইপ্যাড বিক্রিতে নেতিবাচক প্রভাব পড়তে পারে।
তবে ক্রস রিসার্স বিশ্লেষক শ্যানন ক্রস বলেন, আমেরিকার অ্যাপল স্টোরগুলোতে এবং ওয়েবসাইটের মাধ্যমে আরও আইপ্যাড বিক্রি করে অ্যাপল ইনক্ প্রতিকূলতা কাটাতে পারবে।
যুক্তরাষ্ট্রের বাজারে প্রথমদিনেই সাড়া জাগায় এ নতুন আইপ্যাড। যার নাম দেওয়া হয়েছে আইপ্যাড ট্যাবলেট কম্পিউটার।
ল্যাপটপ এবং স্মার্ট ফোনের সুবিধা একসঙ্গে পাওয়া যাচ্ছে নতুন প্রযুক্তির এ আইপ্যাডে।
এটি ৯ দশমিক ৭ ইঞ্চির (২৫ সে.মি.) টাস স্ক্রিন ডিভাইস। এতে গান শোনা, ভিডিও দেখা, গেমস খেলা, ইন্টারনেট ব্রাউজ করা ও ই-বুক পড়া যায়। আইপড টাচ ও আইফোনের পরবর্তী সংস্করণ এ আইপ্যাড।
মোবাইল ফোন এবং ল্যাপটপ দুয়েরই কাজ দেয় এটি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/বিসিএস/এলকিউ/২১৪৮ ঘ.
bdnews24