ওয়ারশ, এপ্রিল ১৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- পোল্যান্ডের জাতীয় বীর, কবি আর রাজাদের জন্য নির্ধারিত ক্র্যাকো'র ওয়াভেল গির্জার সমাধিস্থলে প্রয়াত প্রেসিডেন্ট লেস কাজিনস্কিকে সমাহিত করা নিয়ে দ্বিধাবিভক্ত হয়ে পড়েছে জনগণ।
অনেকেই মনে করছে, এতে করে পোল্যান্ডে স্বাধীনতার স্থপতি জোয়েফ পিলসুদস্কির সঙ্গে কাজিনস্কির মর্যাদা এক হয়ে যাচ্ছে। যা ঠিক নয়।
শনিবার রাশিয়ায় বিমান বিধ্বস্ত হয়ে কাজিনস্কি ও তার স্ত্রী মারিয়াসহ ৯৬ জন উচ্চপদস্থ পোলিশ কর্মকর্তা নিহত হন।
মঙ্গলবার ওয়াভেল গির্জার কার্ডিনাল স্টানিস্লো দিউইস জানান, পরিবারের সঙ্গে আলোচনা করেই কাজিনস্কি ও তার স্ত্রী মারিয়াকে রোববার ওয়াভেল গির্জায় সমাহিত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এ আলোচনায় পোল্যান্ডের প্রধান বিরোধী দলের প্রধান প্রেসিডেন্টের যমজ ভাই জারোস্লোও ছিলেন।
কিন্তু এ সিদ্ধান্তের সমালোচনা করে পোল্যান্ডের নেতৃস্থানীয় দৈনিক পত্রিকা গেজেটা ওয়াইবরসা প্রথম পাতায় প্রকাশিত এক সম্পাদকীয়তে লেখে, "তাকে ওয়াভেল এ সমাহিত করার সিদ্ধান্তটি ঝোঁকের মাথায় ও আবেগের বশে নেওয়া হয়েছে।
মৃত্যুর পর কাজিনস্কি পোলিশ স্বাধীনতার স্থপতি জোয়েফ পিলসুদস্কির সমকক্ষতা অর্জন করেছেন- এমন দাবি করা ঠিক নয়। এরকম সিদ্ধান্তে পোল্যান্ডে বিভক্তি দেখা দিতে বাধ্য।"
১৯১৮ সালে পোল্যান্ডকে স্বাধীনতা এনে দেন পিলসুদস্কি এবং বিশ ও ত্রিশের দশকে তার সুযোগ্য নেতৃত্বেই পোল্যান্ড এগিয়ে চলে সামনে।
অস্কারজয়ী চিত্র পরিচালক আন্দ্রেস ওয়াদাও চার্চের প্রতি সিদ্ধান্ত পরিবর্তনের আহ্বান জানান। তিনি বলেন, এ সিদ্ধান্ত পোলিশ জনগণের মধ্যে গভীরতর বিভক্তি সৃষ্টি করবে।
ওয়াভেল এ কাজিনস্কিকে সমাহিত করার বিরুদ্ধে ইতোমধ্যেই প্রতিবাদ জানিয়েছে প্রায় পাঁচশ' পোলিশ নাগরিক। মঙ্গলবার রাতে 'ক্র্যাকোতে নয়', 'ওয়াভালে নয়' 'আপনারা কি নিশ্চিত তিনি রাজাদের সমকক্ষ' লেখা প্লেকার্ড নিয়ে তারা প্রতিবাদ করে।
এছাড়া এ সিদ্ধান্তের প্রতিবাদ জানানোর জন্য জনপ্রিয় সোশ্যাল নেটওয়ার্ক সাইট ফেসবুককেও বেছে নিয়েছে অনেক পোলিশ।
ফেসবুকে খোলা "কাজিনস্কিকে ওয়াভালে সমাহিত করা যাবে না' এমন একটি গ্র"পে ২৭ হাজারেরও বেশি পোলিশ যোগ দিয়েছে।
অন্যদিকে, কাজিনস্কিকে ওয়াভালে সমাহিত করার সমর্থন যুগিয়ে খোলা 'আমিও ওয়াভালে সমাহিত হতে চাই" গ্র"পে পাঁচ হাজার পোলিশ যোগ দিয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএমএইচ/এলকিউ/২০৫৫ ঘ.
bdnews24