(বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- থাইল্যান্ডের লাল শার্ট বিক্ষোভকারীরা সরকারের বিরুদ্ধে 'চূড়ান্ত লড়াই' এর ঘোষণা দিয়েছে। আর এ লক্ষ্যে তারা বুধবার চূড়ান্ত যুদ্ধক্ষেত্র হিসেবে ব্যাংককের একটি প্রথম সারির বাণিজ্যিক এলাকা দখল করে নিয়েছে। (আরো তথ্যসহ)
প্রায় ৪০ হাজার বিক্ষোভকারী একত্রিত হয়েছে। শনিবার নিরাপত্তাবাহিনীর সঙ্গে সংঘর্ষে ২২ জন বিক্ষোভকারীর মৃত্যু থাইল্যান্ডের গত ১৮ বছরের ইতিহাসে সবচেয়ে সহিংস ঘটনা।
বুধবার বিক্ষোভকারীদের নেতা নাত্তাউত সেকুয়া সাংবাদিকদের বলেন, "সরকারকে হঠাতে আমরা যুদ্ধের চূড়ান্ত মুহূর্তে চলে এসেছি। কোনো সমঝোতা নয়, কোনো আলোচনার আর সুযোগ নেই।"
নাত্তাউতের এ ঘোষণার ফলে বোঝা যাচ্ছে, প্রধানমন্ত্রী অভিজিত ভেজ্জাজিভাকে পদত্যাগে বাধ্য করে দ্রুত নির্বাচন দেওয়ার দাবি আদায়ে লাল শার্ট বিক্ষোভকারীরা রাজধানী ব্যাংককের কেন্দ্রে প্রতিরোধ গড়ে তুলবে।
নববর্ষ উদযাপন উপলক্ষে থাইল্যান্ডে তিন দিনের ছুটি চলছে। এই ছুটির দ্বিতীয় দিন বুধবার সকাল পর্যন্ত ব্যাংকক শান্তই ছিল। আগের রাতে দশ হাজারেরও বেশি বিক্ষোভকারী রাস্তায় নেমে পরস্পরের প্রতি পানি আর ময়দা ছিটিয়ে নববর্ষকে বরণ করে নেয়।
ছুটি শেষে উত্তেজনা আরো বাড়বে। অর্থবাজার আবার শুক্রবার থেকে সচল হতে শুরু করবে। তখন বিক্ষোভকারীরা আবারো তাদের কর্মসূচি নিয়ে এগোবে বলে মনে করা হচ্ছে। যদিও বৃহস্পতিবার বিক্ষোভকারীরা তাদের সিদ্ধান্ত জানাবে বলে ঘোষণা দিয়েছিল, কিন্তু তার একদিন আগেই সরকারের বিরুদ্ধে 'চূড়ান্ত যুদ্ধ'র ঘোষণা দিল তারা।
লাল শার্ট বিক্ষোভকারীদের বেশিরভাগই শ্রমিক। তারা সেনা অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী থাকসিন সিনাওয়াত্রার সমর্থক। নির্বাচনের দাবিতে তারা প্রায় এক মাস ধরে ব্যাংককে বিক্ষোভ চালিয়ে যাচ্ছে। বিক্ষোভ ঠেকাতে প্রধানমন্ত্রী অভিজিত ব্যাংককে সেনা বাহিনী নামায়। বিক্ষোভকারীদের সঙ্গে সেনা বাহিনীর সংঘর্ষে ইতোপূর্বে ২১ জন নিহত হয়েছিল।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/সিআর/বিসিএস/২২৫২ ঘ.
bdnews24