২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

শর্তসাপেক্ষে পদত্যাগে রাজি কিরগিজ প্রেসিডেন্ট

কিরগিজস্তানের ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট কারমানবেক বাকিয়েভ মঙ্গলবার বলেছেন, অন্তর্বর্তী সরকার তার নিরাপত্তার নিশ্চয়তা দিলে তিনি পদত্যাগ করতে পারেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Apr 2010, 03:40 PM

Updated : 24 Aug 2022, 08:26 PM

কিরগিজ, এপ্রিল ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)---- কিরগিজস্তানের ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট কারমানবেক বাকিয়েভ মঙ্গলবার বলেছেন, অন্তর্বর্তী সরকার তার নিরাপত্তার নিশ্চয়তা দিলে তিনি পদত্যাগ করতে পারেন। একইসঙ্গে বাকিয়েভ সরকারকে দেশে বিশৃঙ্খল পরিস্থিতি শান্ত করারও শর্ত দেন। কি পরিস্থিতিতে পদত্যাগ করবেন সাংবাদিকদের এ প্রশ্নের জবাবে বাকিয়েভ কয়েকটি শর্ত উল্লেখ করেছেন। তিনি বলেন, আমি মনে করি প্রথমেই কিরগিজস্তানে বিশৃৃঙ্খল পরিস্থিতির অবসান ঘটাতে হবে। দ্বিতীয়ত, আমার ব্যক্তিগত নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি আমার পরিবার ও আত্মীয়-স্বজনদের নিরাপত্তার নিশ্চয়তা দিতে হবে। সেইসঙ্গে ২/৩ মাসের মধ্যে অন্তর্বর্তী প্রেসিডেন্ট নির্বাচনের প্রস্তুতিও শুরু করতে দিতে হবে। বাকিয়েভের পদত্যাগের এ সম্ভাবনা প্রকাশের মধ্য দিয়ে কিরগিজস্তানে সঙ্কট উত্তরণের পথ খুলে যেতে পারে বলে মনে করা হচ্ছে। কিরগিস্তানের অন্তর্বর্তী সরকার এর আগে বাকিয়েভকে মঙ্গলবার দিনশেষে আত্মসমর্পণ করার আল্টিমেটাম দেয়। সেইসঙ্গে বাকিয়েভ অন্তর্বর্তী সরকারকে অগ্রাহ্য করতে থাকলে তাকে বিশেষ অভিযান চালিয়ে আটক করার হুমকিও দেয়। অন্তর্বর্তী সরকারের নিরাপত্তা মন্ত্রী আজিমবেক বেকনাজারভ বলেন, "আমরা তার প্রেসিডেন্টশিয়াল নিরাপত্তা প্রত্যাহার করেছি। সাবেক প্রেসিডেন্টের বিরুদ্ধে আমরা অপরাধ মামলা করেছি। তিনি সমাবেশের পর মঙ্গলবারের মধ্যে আত্মসমর্পণ না করলে আমরা তার বিরুদ্ধে বিশেষ অভিযান চালাব।" গত ৭ এপ্রিল বিরোধীদলের বিক্ষোভে সেনারা গুলি চালালে রাজধানী বিসকেকে ভয়াবহ সংঘর্ষ ও হতাহতের ঘটনা ঘটে। পরিস্থিতি সামাল দিতে না পেরে প্রেসিডেন্ট বাকিয়েভ রাজধানী বিসকেক থেকে তার গ্রামের বাড়ি দক্ষিণাঞ্চলীয় জালালাবাদে পালিয়ে যান। এর ফলে বিরোধীরা ক্ষমতাসীন হওয়ার সুযোগ পায়। তবে স্বেচ্ছা ঘোষিত অন্তবর্তী সরকারকে বাকিয়েভ হুঁশিয়ার করে দিয়ে বলেন, তারা তার বিরুদ্ধে কোনও পদক্ষেপ গ্রহণ করলে দেশে নতুন করে ভয়াবহ রক্তপাতের ঘটনা ঘটবে। তবে আরও অস্থিতিশীলতা রোধে বাকিয়েভ আলোচনায় বসতে রাজি থাকার কথা জানান। ওদিকে, অন্তর্বর্তী সরকারও বলেছে তারা আলোচনার জন্য প্রস্তুত। বাকিয়েভ জালালাবাদে অন্তর্বর্তী সরকারের প্রধানের সঙ্গে আলোচনায় বসার আহ্বান জানিয়েছেন। কারণ বিসকেকে সরকার তার নিরাপত্তার নিশ্চয়তা দেবে না বলে জানিয়েছেন তিনি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএইচ/এলকিউ/২১৩৬ ঘ.