২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

পাখিও ছড়াতে পারে এভিয়ান ফ্লু

এইচ৫এন১ এভিয়ান ইনফ্লুয়েঞ্জা প্রতিরোধে সক্ষম বুনো হাঁসও ব্যাপকভাবে এই রোগের ভাইরাস ছড়াতে পারে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Apr 2010, 11:08 AM

Updated : 24 Aug 2022, 08:27 PM

ওয়াশিংটন, এপ্রিল ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- এইচ৫এন১ এভিয়ান ইনফ্লুয়েঞ্জা প্রতিরোধে সক্ষম বুনো হাঁসও ব্যাপকভাবে এই রোগের ভাইরাস ছড়াতে পারে। সোমবার মার্কিন সরকারের গবেষকরা এ কথা জানান। কৃত্রিম উপগ্রহের মাধ্যমে অনুসরণ করে দেখা গেছে, জাপানের বার্ড ফ্লু আক্রান্ত মার্শ এলাকা থেকে দীর্ঘ ও সরু লেজবিশিষ্ট উত্তরাঞ্চলীয় পরিজায়ী হাঁস উড়তে উড়তে রাশিয়ায় গিয়ে বাসা বাঁধে। মার্কিন ভূতত্ত্ব জরিপ বিভাগ ও টোকিও বিশ্ববিদ্যালয়ের গবেষকরা এ কথা জানান। ২০০৩ সাল থেকে এশিয়া ও মধ্যপ্রাচ্য এবং মাঝে মাঝে ইউরোপেও বার্ড ফ্লু ছড়িয়ে পড়তে দেখা যাচ্ছে। এ ভাইরাসে মানুষের আক্রান্ত হতে খুব কমই দেখা গেছে। কিন্তু যখনই তা হচ্ছে তখনই তা মরণব্যাধি হিসাবে দেখা দিচ্ছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থার হিসেব মতে, ৪৯৩ জন আক্রান্তের মধ্যে ২৯২ জনই মারা গেছে। মানুষের জন্য এ রোগটি বিরল হলেও মুরগী ও পাখিদের যম বলে এরই মধ্যে বার্ড ফ্লু বিশেষভাবে পরিচিত। বিশেষ করে, এ ভাইরাসের আক্রমণে সবচেয়ে ক্ষতিগ্রস্ত হয় পোলট্রি শিল্প। বিশেষজ্ঞদের ভয়, পাখির এ ভাইরাসটির সম্ভাবনা রয়েছে মানুষের ভাইরাস হিসেবেও আবির্ভূত হওয়ার। আর এটা হলে তা এইচ১এন১ সোয়াইন ফ্লুর চেয়ে মারাত্মক হিসাবে দেখা দেবে। বার্ড ফ্লু ছড়ানোর পেছনে বুনো হাঁসেরা দায়ী, না পোল্ট্রি শিল্প, না উভয়ই তা নিয়ে বিশেষজ্ঞরাও দ্বিধা বিভক্ত। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএমএইচ/১৭০৪ঘ.