২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

'রোমিও অ্যান্ড জুলিয়েট' ডিজিটাল থিয়েটারে

একটি শহরের দুটি বনেদি পরিবারের মধ্যে দীর্ঘদিনের শত্রুতা। অথচ এই দুই পরিবারের দুটি ছেলে-মেয়ে পরস্পরের প্রেমে পড়ে যায়। গভীর সে প্রেম।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Apr 2010, 10:53 AM

Updated : 24 Aug 2022, 08:27 PM

ওয়াশিংটন, এপ্রিল ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- একটি শহরের দুটি বনেদি পরিবারের মধ্যে দীর্ঘদিনের শত্রুতা। অথচ এই দুই পরিবারের দুটি ছেলে-মেয়ে পরস্পরের প্রেমে পড়ে যায়। গভীর সে প্রেম। কিন্তু পরিবারের শত্রুতা ছাপিয়ে তারা ঘর বাঁধতে পারে না। তাদের জন্যে অপেক্ষা করে নিদারুণ পরিণতি। তারা দুজনেই মৃত্যুর পথ বেছে নেয়। এ কাহিনী শেক্সপিয়রের বিখ্যাত 'রোমিও অ্যান্ড জুলিয়েট' নাটকের। বছরের পর বছর ধরে প্রেমের উদাহরণ হিসেবে নাটকের এই জুটি মানুষের মনে স্থান করে নিয়েছে। আজও তাদের আবেদন এতটুকু ম্লান হয়নি। 'রোমিও অ্যান্ড জুলিয়েট'-এর সেই ঘটনাই ব্রিটেনে ঘটবে এই সময়ে। তাতে আপনি নিজেও অংশ নিয়ে আনন্দ উপভোগ করতে পারবেন। আপনার সেলফোনের মাধ্যমেই রোমিও-জুলিয়েটের চরিত্রগুলোর সঙ্গে যোগাযোগ করতে পারবেন। এই উদ্যোগটি গ্রহণ করেছে 'দ্য রয়েল শেক্সপিয়র কোম্পানি (আরএসসি) ও 'মাডলার্ক'। মাডলার্ক মূলত সেলফোন বিনোদনের উৎপাদক। ইতোমধ্যে 'টুইটার' ও 'ইউটিউব' ভিডিও ওয়েবসাইটে এর যাত্রা শুরু হয়েছে। আগামী পাঁচ সপ্তাহের মধ্যে নতুন 'রোমিও অ্যান্ড জুলিয়েট' তৈরি হয়ে যাবে। এতে অংশগ্রহণকারী চরিত্রগুলো কেবল তাদের নিজেদের নিয়েই থাকবে না, তারা দর্শকের সঙ্গেও যোগাযোগ স্থাপন করবে। প্রতিটি চরিত্রই গল্পের ছক অনুযায়ী তাদের ছোট ছোট সংলাপ বা অনুভূতি লিখবে। গল্পের ছকটি নির্দিষ্ট করে দেয়া রয়েছে। সেখানে নাটকের প্রকৃত নাম অনুযায়ীই দুটি পরিবারের নাম রাখা হয়েছে মন্টেগিউস এবং ক্যাপিউলেটস। এতে বলা হয়েছে, ২০০০ সালে আজ্ঞাত এক ইংলিশ মার্কেটের সামনে এক গাড়ি দুর্ঘটনাকে কেন্দ্র করে এই দুই পরিবারের মধ্যে শত্রুতা সৃষ্টি হয়। জুলিয়েট চরিত্রে কাজ করছে, অভিনেত্রী ক্যারলোট ওয়েকফিল্ড। সে সবেমাত্র ১৬ বছরে পা রাখতে যাচ্ছে। তার জন্মদিন অনুষ্ঠান পালন করা উচিত কিনা তাই নিয়ে সে উদ্বিগ্ন। ইউটিউবে সে একটি ভিডিও ছেড়েছে, যাতে রয়েছে একজন কিশোরীর শোবার ঘরের দৃশ্য। মাডলার্কের চার্লস হান্টার বলেন, "আগামী পাঁচ সপ্তাহে ঠিক কী ঘটবে সে ব্যাপারে আমাদের কোনো বাস্তব অভিজ্ঞতা নেই। কিন্তু আমরা অপেক্ষা করছি।" আরএসসির শিল্প নির্দেশক মাইকেল বয়ড জানান, মানুষের সঙ্গে শেক্সপিয়রকে সম্পৃক্ত রাখা এবং অভিনেতা-অভিনেত্রীদের সঙ্গে দর্শকদের সম্পর্ক নিবিড় করাই আমাদের উদ্দেশ্য। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/সিআর/কেএমএস/১৬৪৬ঘ.