২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

নির্বাচনের তারিখ ঘোষণা করছে পোল্যান্ড

বিমান দুর্ঘটনায় প্রেসিডেন্টসহ অন্যান্য উচ্চপদস্থ কর্মকর্তাদের মৃত্যুর পর নির্বাচনের তারিখ ঘোষণার পরিকল্পনা করেছেন পোল্যান্ডের ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট। বুধবার তিনি এ ঘোষণা দেবেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Apr 2010, 10:22 AM

Updated : 24 Aug 2022, 08:27 PM

ওয়ারশ, এপ্রিল ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- বিমান দুর্ঘটনায় প্রেসিডেন্টসহ অন্যান্য উচ্চপদস্থ কর্মকর্তাদের মৃত্যুর পর নির্বাচনের তারিখ ঘোষণার পরিকল্পনা করেছেন পোল্যান্ডের ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট। বুধবার তিনি এ ঘোষণা দেবেন। ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট ব্রনিস্লো কমোরস্কি মঙ্গলবার টিভিপি ইনফো টেলিভিশনকে বলেন, প্রেসিডেন্ট পদের অনিশ্চয়তা কাটানো জরুরি। আর একারণেই বুধবার নির্বাচনের তারিখ ঘোষণা করা অত্যন্ত জরুরি হয়ে পড়েছে বলে জানান তিনি। তিনি বলেন, "নির্বাচনের তারিখ নির্ধারণ করতেই হবে। পোল্যান্ডে অবিলম্বে অনিশ্চয়তা কাটাতে যত দ্রুত সম্ভব নির্বাচনের তারিখ ঘোষণা করতে হবে।" পোলিশ সংবিধান অনুযায়ী, নির্বাচন ঘোষণার ৬০ দিনের মধ্যে তা অনুষ্ঠান করতে হয়। পোল্যান্ডের কর্মকর্তারা জানিয়েছেন, রাশিয়ার পশ্চিমাঞ্চলে বিমান বিধ্বস্ত হয়ে নিহত পোলিশ প্রেসিডেন্ট লেস কাজিনস্কি ও তার স্ত্রীসহ উচ্চপদস্থ কর্মকর্তাদের শেষকৃত্যানুষ্ঠান সপ্তাহান্তেই অনুষ্ঠিত হবে। তারা জানান, বিমান দুর্ঘটনায় নিহত ৯৬ জনের শেষকৃত্যানুষ্ঠান শনিবার অনুষ্ঠিত হবে। প্রয়াত প্রেসিডেন্ট কাজিনস্কি ও তার স্ত্রী মারিয়ার রাষ্ট্রীয়ভাবে অনুষ্ঠেয় শেষকৃত্যানুষ্ঠানটি ওই একই দিন কিংবা পরেরদিন রোববার অনুষ্ঠিত হতে পারে। ১৯৪০ সালে রুশ সেনাদের গনহত্যার শিকার পোলিশদের স্মরণে আয়োজিত অনুষ্ঠানে যোগ দিতে কাজিনস্কি সরকারি বিমানে ওয়ারশ থেকে রাশিয়ার পশ্চিমাঞ্চলীয় স্মোলেনস্কে যাওয়ার সময় বিমান বিধ্বস্ত হয়ে মারা যান। রুশ তুপোলেভ বিমানটিতে কাজিনস্কি ছাড়াও ছিলেন বেশ কয়েকজন পোলিশ সেনা কর্মকর্তা, বিরোধী দলের নেতাসহ পোলিশ সেন্ট্রাল ব্যাংকের গভর্নর। বিমানের পাইলট রুশ এয়ার ট্রাফিক কন্ট্রোলারদের নির্দেশ অমান্য করে ঘন কুয়াশাচ্ছন্ন ওই অঞ্চলে অবতরণ করতে গেলে এ দুর্ঘটনা ঘটে। এ মর্মান্তিক ঘটনায় শোকাচ্ছন্ন পোল্যান্ড। তবে এতে দেশটি কোনও রাজনৈতিক কিংবা অর্থনৈতিক বিপর্যয়ের মুখে পড়বে না বলেই মনে করা হচ্ছে। রোববার প্রেসিডেন্ট কাজিনস্কির মৃতদেহ দেশে ফিরিয়ে আনার পর মঙ্গলবার সকালে পোলিশ ফার্স্ট লেডি মারিয়া কাজিনস্কার মরদেহ ওয়ারশতে পৌঁছেছে। আশা করা হচ্ছে, মঙ্গলবার রাতে প্রেসিডেন্ট ও তার স্ত্রীর কফিন প্রেসিডেন্ট প্রাসাদে প্রদর্শনীর জন্য রাখা হবে। রুশ প্রেসিডেন্ট দিমিত্রি মেদভেদেভ ও জার্মান চ্যান্সেলর এঙ্গেলা মেরকেলসহ বেশ কয়েকটি দেশের রাষ্ট্র ও সরকারপ্রধান এ শেষকৃত্যানুষ্ঠানে যোগ দেবেন বলে আশা করা হচ্ছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএমএইচ/এলকিউ/১৬১৬ ঘ.