২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

সেনাপ্রধানের নির্বাচন আহ্বানে চাপের মুখে থাই প্রধানমন্ত্রী

থাইল্যান্ডের সেনাপ্রধান সোমবার আগাম নির্বাচন আহ্বান করায় নতুন করে চাপের মুখে পড়েছেন প্রধানমন্ত্রী অভিজিৎ ভেজ্জাজিভা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Apr 2010, 03:37 PM

Updated : 24 Aug 2022, 08:24 PM

ব্যাংকক, ১২ এপ্রিল (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- থাইল্যান্ডের সেনাপ্রধান সোমবার আগাম নির্বাচন আহ্বান করায় নতুন করে চাপের মুখে পড়েছেন প্রধানমন্ত্রী অভিজিৎ ভেজ্জাজিভা। চলমান বিক্ষোভ এবং সেনাপ্রধানের নির্বাচন আহ্বান নিয়ে সঙ্কটের মধ্যে অবৈধ অনুদান নেওয়ার অভিযোগে প্রধানমন্ত্রীর বিরুদ্ধে ঘুরে দাঁড়িয়েছে থাইল্যান্ডের নির্বাচন কমিশন। এ অভিযোগে বিচারে মুখে পড়তে পারে অভিজিতের দল। থাইল্যান্ডে প্রায় ১ মাসব্যাপী বিক্ষোভের মধ্যে এ সপ্তাহান্তে সংঘর্ষে ২১ জন নিহত এবং ৮০০ জন আহত হওয়ার পর সেনাপ্রধান আগাম নির্বাচনের ওই আহ্বান জানান। সোমবার কোন সহিংসতার ঘটনা না ঘটলেও বিক্ষোভকারীরা রাজধানী জুড়ে বিভিন্ন জায়গায় অবস্থান করছে। এক সাংবাদিক সম্মেলনে জেনারেল অনুপং পায়োচিন্দা বলেন, "চলমান ইস্যুটি হচ্ছে পার্লামেন্ট ভেঙে দেওয়ার। সুতরাং আমার মতে, আমাদের এখন পার্লামেন্ট ভেঙে দেওয়া প্রয়োজন। কিন্তু তা করতে কত সময় লাগবে সেটি নির্ভর করছে আলোচনার ফলাফলের ওপর।" অভিজিত বলেছেন, এ বছর শেষ নাগাদ তিনি পার্লামেন্ট ভেঙে দিতে পারেন। কিন্তু তাতেই লাল শার্ট বিক্ষোভকারীরা শান্ত হবে না। কারণ, তারা চায় অভিজিৎ পদত্যাগ করে অবিলম্বে দেশ ত্যাগ করুন। থাইল্যান্ডের নির্বাচন কমিশন অভিজিতের দলের অবৈধ অনুদান নেওয়ার অভিযোগ খতিয়ে দেখার সিদ্ধান্ত নিয়ে তার ওপর বাড়তি চাপ সৃষ্টি করেছে। তালিকাভুক্ত একটি কোম্পানির কাছ থেকে পাঁচ বছর আগে ক্ষমতাসীন ডেমোক্রেটস পার্টি অবৈধভাবে ২৫৮ মিলিয়ন বাথ ডোনেশন নিয়েছে--- রাষ্ট্রীয় তদন্তকারীদের এ তথ্যের সঙ্গে নির্বাচন কমিশন একমত হয়েছে। ডেমোক্রেট পার্টির অবৈধ অনুদানের বিষয়টি খতিয়ে দেখার দাবিতে গত সপ্তাহে লাল শার্টরা কমিশন কার্যালয়ে বিক্ষোভ করে। অভিজিতের দলের বিরুদ্ধে অভিযোগ দায়ের করার আহ্বান জানিয়েছে নির্বাচন কমিশন। কিন্তু এ ব্যাপারে কোনও রায় হতে এক মাস সময় লাগবে। বিচার প্রক্রিয়ায় এ দীর্ঘসূত্রিতা পূর্ববর্তী থাকসিন সরকারের মতো অভিজিতের ডেমোক্রেট পার্টির জন্যও একই ফল বয়ে আনতে পারে বলে মনে করা হচ্ছে। ২০০৮ সালে একই প্রক্রিয়ায় উৎখাত হয়েছিল থাকসিন সরকার। সাংবিধানিক আদালতের রায় হতে সময় লেগেছিল প্রায় ২ মাস। লাল শার্ট নেতা নাত্তাওয়াত সাইকুয়া জানান, বিক্ষোভকারীরা কমিশনের সিদ্ধান্তে উল্লাসিত। কারণ এতে করে ডেমোক্রেটস পার্টির অবসান ঘটতে পারে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/বিসিএস/এলকিউ/২১০৩ ঘ.