২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

থাই বিক্ষোভ চলছে, নির্বাচন আহ্বান সেনাপ্রধানের

থাইল্যান্ডে প্রাণহানির পরও সরকার বিরোধী বিক্ষোভ থামার লক্ষণ নেই। লাল শার্ট বিক্ষোভকারীরা সোমবারও ব্যাংককে কফিন নিয়ে প্রতীকী মিছিল করেছে। ওদিকে, পার্লামেন্ট ভেঙে দেওয়ার আহ্বান জানিয়েছেন সেনাপ্রধান।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Apr 2010, 12:03 PM

Updated : 24 Aug 2022, 08:24 PM

ব্যাংকক, এপ্রিল ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)--- থাইল্যান্ডে প্রাণহানির পরও সরকার বিরোধী বিক্ষোভ থামার লক্ষণ নেই। লাল শার্ট বিক্ষোভকারীরা সোমবারও ব্যাংককে কফিন নিয়ে প্রতীকী মিছিল করেছে। ওদিকে, পার্লামেন্ট ভেঙে দেওয়ার আহ্বান জানিয়েছেন সেনাপ্রধান। তবে প্রধানমন্ত্রী অভিজিৎ ভেজ্জাজিভা পরবর্তীতে বলেছেন, থাই সরকার ও সেনাবাহিনী দুইই এক অবস্থানে অনঢ় রয়েছে। বিবিসি একথা জানিয়েছে। তবে রয়টার্সের আরেকটি খবরে বলা হয়েছে, প্রধানমন্ত্রী ছয়মাসের মধ্যে পার্লামেন্ট ভেঙে দিতে পারেন। নির্ধারিত সময়ের তিনমাস আগেই তিনি এ পদক্ষেপ নিতে পারেন এবং ২০১১ সালের শেষে নির্বাচন দিতে পারেন। নাম প্রকাশে অনিচ্ছুক সূত্রের উদ্ধৃতি দিয়ে দ্য ব্যাংকক পোস্ট ডেইলি একথা জানিয়েছে। রোববার সেনা-বিক্ষোভকারী সংঘর্ষে নিহতদের স্মরণে বিক্ষোভকারীরা মিছিল করে। লাল শার্ট বিক্ষোভকারী ও নিরাপত্তা বাহিনীর সংঘর্ষে অন্ততপক্ষে ২১ জন নিহত এবং ৮০০ জন আহত হয়েছে। তারপরও বিক্ষোভ চলছে। সোমবার হাজার হাজার বিক্ষোভকারী কফিন নিয়ে ট্রাকে, স্কুটারে এবং গাড়িতে করে সারা শহর প্রদক্ষিণ করেছে। ব্যাংককের বড় বড় দোকানপাট এ সময় বন্ধ হয়ে যায়। লাল শার্ট বিক্ষোভকারীদের একজন নেতা জাতুপ্রন প্রমপান বলেছেন, অভিজিত পার্লামেন্ট ভেঙে নতুন নির্বাচন দিয়ে দেশ ত্যাগ না করা পর্যন্ত আমরা আন্দোলন চালিয়ে যাবো। প্রধানমন্ত্রী অভিজিত ভেজ্জাজিভা কে পার্লামেন্ট ভেঙে দিয়ে নতুন নির্বাচনের ঘোষণা দেওয়ার এবং তাকে দেশত্যাগ করার দাবি জানিয়ে আসছে বিক্ষোভকারীরা। থাইল্যান্ডে সেনা ও সরকারবিরোধী বিক্ষোভকারীদের দুদিনের ভয়াবহ সংঘর্ষের পর সেনাবাহিনী প্রধান জেনারেল অনুপং পাওচিন্দা বলেছেন, সঙ্কটের রাজনৈতিক সমাধান খুঁজে পেতে হবে। তার এ আহ্বানে বিক্ষোভকারীদের দাবিরই প্রতিফলণ ঘটেছে। সাংবাদিকদের সঙ্গে আলাপকালে অনুপং বলেন তিনি সেনা শক্তি প্রয়োগ করতে চান না। থাইল্যান্ডের সেনাবাহিনী থাকসিন সমর্থকদের ক্ষমতায় আসতে দেওয়ার বিরোধী হলেও তাদের মধ্যে অনেকেই থাকসিন সমর্থক গ্র"পের হওয়ায় লাল-শার্টদের প্রতি সহানুভূতিশীল। অনুপং এক সাংবাদিক সম্মেলনে বলেন, "আমি মনে করি সঙ্কট পার্লামেন্ট ভেঙে দেওয়ার মধ্য দিয়েই শেষ হবে। যদিও কেউ কেউ জাতীয় সরকার গঠনের প্রস্তাব করেছে। সবচেয়ে ভাল পথ হচ্ছে তাদের সঙ্গে আলোচনা করে শান্তির স্বার্থে ঐকমত্যে পৌঁছানো।" বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/বিবি/এলকিউ/১৭৫৬ ঘ.