২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

লাল শার্টদের রাজপথ না ছাড়ার শপথ

থাইল্যান্ডে লাল শার্ট বিক্ষোভকারীরা রাজপথ না ছাড়ার শপথ নিয়েছে। তারা রোববার বলেছে, নির্বাচনের দাবিতে যে আন্দোলন তারা করছে তা থেকে সরে আসবে না।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Apr 2010, 08:58 AM

Updated : 24 Aug 2022, 08:23 PM

ব্যাংকক, এপ্রিল ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- থাইল্যান্ডে লাল শার্ট বিক্ষোভকারীরা রাজপথ না ছাড়ার শপথ নিয়েছে। তারা রোববার বলেছে, নির্বাচনের দাবিতে যে আন্দোলন তারা করছে তা থেকে সরে আসবে না। রাজধানী ব্যাংককে শনিবার সেনাবাহিনীর সঙ্গে লাল শার্টদের সংঘর্ষে মৃতের সংখ্যা দাড়িয়েছে ২১। নিহতদের মধ্যে রয়টার্সের একজন সাংবাদিক রয়েছেন। ২০০৬ সালে এক সামরিক অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী থাকসিন সিনাওয়াত্রার সমর্থক লাল শার্টদের বেশির ভাগই দেশটির গ্রামাঞ্চলের অধিবাসী এবং শ্রমিক শ্রেণীর মানুষ। শনিবার রাতে সরকার নিরাপত্তা বাহিনী প্রত্যাহার করে নিলে গত আঠারো বছরের মধ্যে দেশটিতে সবচেয়ে বড় সংঘর্ষের অবসান ঘটে। রোববার দেড় কোটি মানুষের শহর ব্যাংককের পরিস্থিতি শান্ত ছিল। সংঘর্ষের কারণে বন্ধ থাকা ট্রেন সার্ভিস নতুন করে চালু করা হয়েছে। ট্রেনগুলো বিক্ষোভকারীদের মূল অবস্থান স্থল নগরীর শপিং সেন্টার এলাকা এড়িয়ে চলছে। তবে সংবাদ মাধ্যমে প্রকাশ, প্রায় পাঁচশ' লাল শার্ট বিক্ষোভকারী ব্যাংককের উত্তরে থাই সরকারের সমর্থনপুষ্ট থাইকম স্যাটেলাইট টিভি স্টেশনে ঢোকার চেষ্টা করছে। সরকার শুক্রবার বিরোধী দলের সমর্থক টিভি স্টেশন বন্ধ করে দিলে লাল শার্টরা ক্ষুব্ধ হয়ে ওঠে। সরকার জানিয়েছে, সংঘর্ষ বন্ধ করতে লাল শার্টদের সঙ্গে যোগাযোগ করার জন্য প্রধানমন্ত্রীর এক জ্যেষ্ঠ সহযোগীকে নিয়োগ করা হয়েছে। তবে লাল শার্টরা আলোচনায় বসার ক্ষেত্রে অনমনীয় অবস্থানে রয়েছে। লাল শার্টদের এক নেতা ওয়েঙ্গ তজিরাকার্ন বলেন, "আলোচনার সময় ফুরিয়ে গেছে। আমরা খুনিদের সঙ্গে কোনও আলোচনা করব না। আমাদের লড়াই চালিয়ে যেতে হবে। আমরা রাজপথ ছাড়তে পারি না। সেনারা আবারও বেরিয়ে আসবে।" যদিও মৃতদের প্রতি শ্রদ্ধা দেখানোর জন্য রোববার তারা শুধু রাজপথে দাঁড়িয়ে থাকবে বলে তিনি জানান। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএমএইচ/কেএমএস/১৪৪৮ঘ.