ব্যাংকক, এপ্রিল ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে সেনাবাহিনী ও লাল শার্ট বিক্ষোভকারীদের মধ্যে দফায় দফায় সংঘর্ষের পর পরিস্থিতি আপাতত শান্ত রয়েছে। সংঘর্ষে রয়টার্সের একজন সাংবাদিকসহ ২১ জন নিহত হয়। ৮ শ জন আহত হয়েছে।
শনিবার রাতে স্পর্শকাতর এলাকাগুলো থেকে সৈন্যদের সরিয়ে নেওয়ার পর পরিস্থিতি শান্ত হতে শুরু করে। রোববার ব্যাংকক পুরোপুরি শান্ত হয়ে আসে। স্কাইট্রেন পুনরায় চালু হয়। শনিবার সংঘর্ষ শুরু হওয়ার পর স্কাইট্রেন চলাচল বন্ধ রাখা হয়েছিলো।
সমাবেশ এলাকা ছেড়ে যাওয়ার জন্য নিরাপত্তা কর্মকর্তারা লাল শার্ট বিক্ষোভকারীদের প্রতি আহবান জানিয়েছেন।
প্রায় দেড় কোটি লোকের নগরী ব্যাংককে শনিবারের সংঘর্ষ গত ১৮ বছরের মধ্যে সবচেয়ে বড় রাজনৈতিক সহিংসতার ঘটনা।
সামরিক অভ্যুত্থানে ২০০৬ সালে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী থাকসিন সিনাওয়াত্রার সমর্থক লাল শার্ট বিক্ষোভকারীরা বর্তমান প্রধানমন্ত্রী অভিজিত ভেজ্জাজিভার পদত্যাগ ও নতুন নির্বাচনের দাবিতে ব্যাংককে সমবেত হয়েছে। প্রায় এক মাস ধরে তারা বিক্ষোভ করে আসছে।
তবে উত্তেজনা বাড়তে থাকায় গত ৭ এপ্রিল দেশে জরুরি অবস্থা জারি করে সরকার। জরুরি অবস্থা উপেক্ষা করে লাল শার্টরা বিক্ষোভ অব্যাহত রাখায় এক পর্যায়ে শনিবার নিরাপত্তা রক্ষীদের সঙ্গে তাদের সংঘর্ষ বেঁধে যায়। দফায় দফায় সংঘর্ষে ব্যাংকক রণক্ষেত্রে পরিণত হয়।
নিহতদের মধ্যে রয়টার্সের টিভি ক্যামেরাম্যান হিরো মুরামোতা (৪৩) রয়েছেন। জাপানের নাগরিক হিরো ১৫ বছরেরও বেশি সময় ধরে টোকিওতে থমসন রয়টার্সের হয়ে কাজ করছেন। বিক্ষোভের বিদ্রোহের সংবাদ সংগ্রহের জন্য বৃহস্পতিবার তিনি ব্যাংককে পৌঁছান।
নিহতদের মধ্যে চার সেনা সদস্যও রয়েছেন।
রয়টার্সের প্রধান সম্পাদক ডেভিড সেলেসিঞ্জার বলেন, "ব্যাংককে সংঘর্ষের ঘটনায় আমাদের সহকর্মী হিরোকে হারিয়ে আমি শোকাহত।"
ব্যাংককের কেন্দ্রস্থলে ফান ফা ব্রিজ ও রাজদুমনেয়ন রোডে শনিবার সংঘর্ষ ছড়িয়ে পড়ে। বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে সেনাবাহিনীর সদস্যরা রাবার বুলেট ছোঁড়ে ও কাঁদানে গ্যাস নিক্ষেপ করে।
এদিকে থাই সেনাবাহিনী ও লাল শার্ট বিক্ষোভকারীদের শান্ত হওয়ার জন্য আহ্বান জানিয়েছে যুক্তরাষ্ট্র।
হোয়াইট হাউসের মুখপাত্র মাইক হ্যামার বলেন, "আমাদের দীর্ঘদিনের মিত্র থাইল্যান্ডে উদ্ভুত সংকট শান্তিপূর্ণ উপায়ে সমাধানের জন্য আমরা উভয় পক্ষের প্রতি আহ্বান জানাচ্ছি।"
থাই সরকার জানিয়েছে, এ দ্বন্দ্বের অবসানের উপায় বের করতে লাল শার্টদের সঙ্গে যোগাযোগ করার জন্য উর্ধ্বতন এক কর্মকর্তাকে দায়িত্ব দেওয়া হয়েছে।
টেলিভিশনে দেওয়া এক সাক্ষাতকারে নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে প্রধানমন্ত্রী অভিজিত বলেন, সেনাবাহিনীকে কেবল ফাঁকা গুলি ছোঁড়া ও আত্মরক্ষার জন্য বুলেট ব্যবহারের অনুমতি দেওয়া হয়েছিলো।
রয়টার্সের এক আলোকচিত্রী জানান, খাও সান সড়ককে যুদ্ধবিধ্বস্ত এলাকার সঙ্গে তুলনা করা যায়। দোকানগুলোর কাঁচ ভাঙ্গা, গাড়িগুলো বিধ্বস্ত। অনেক লোক আহত হয়ে রাস্তায় পড়ে রয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এফএফ/কেএমএস/১১৫০ঘ.
bdnews24