২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

আফগান হিসাব নিরীক্ষা বিভাগ স্বাধীন নয় : যুক্তরাষ্ট্র

আফগানিস্তানের প্রেসিডেন্ট হামিদ কারজাইয়ের কার্যালয়ের হস্তক্ষেপের কারণে দেশটির হিসাব নিরীক্ষা বিভাগ স্বাধীনভাবে কাজ করতে পারছে না।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Apr 2010, 12:57 PM

Updated : 24 Aug 2022, 08:21 PM

ওয়াশিংটন, এপ্রিল ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- আফগানিস্তানের প্রেসিডেন্ট হামিদ কারজাইয়ের কার্যালয়ের হস্তক্ষেপের কারণে দেশটির হিসাব নিরীক্ষা বিভাগ স্বাধীনভাবে কাজ করতে পারছে না। যুক্তরাষ্ট্রের এক প্রতিবেদনে শুক্রবার এ কথা বলা হয়েছে। আফগানিস্তানে স্থিতিশীলতা আনার ক্ষেত্রে ব্যাপক দুর্নীতিই সবচেয়ে বড় বাধা বলে মনে করছে প্রেসিডেন্ট ওবামার প্রশাসন। কারজাই সরকারের দ্বিতীয় মেয়াদে দুর্নীতি রোধ করা উচিত বলে তারা মনে করছে। আফগানিস্তানের পুনর্গঠনে নিয়োজিত যুক্তরাষ্ট্রের বিশেষ মহা পরিদর্শক আফগান হিসাব নিরীক্ষা বিভাগের কাজ নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করেছেন। সরকারি অর্থ ব্যবহারে দুর্নীতি ঠেকানোর মূল দায়িত্ব হিসাব নিরীক্ষা বিভাগের। আফগান হিসাব নিরীক্ষা কার্যালয়ের (সিএও) কর্মকাণ্ড মুল্যায়নকারি যুক্তরাষ্ট্র দলের প্রধান জে রলিনস রয়টার্সকে বলেছেন, "প্রতিষ্ঠানটি অদক্ষ। এটা পরিপূর্ণ ও স্বাধীন নয়। প্রতিষ্ঠানটি নির্বাহী বিভাগের হস্তক্ষেপ না মেনে চলতে পারে না।" রলিনস আরো বলেন, "অনেক ক্ষেত্রে সরকারের হস্তক্ষেপের কারনে সিএও'র নির্দেশ বাস্তবায়ন হয় না।" তিনি বলেন, "আমরা যদি অর্থ বরাদ্দ করতে চাই তাহলে এ প্রতিষ্ঠানকে আরো বেশি শক্তিশালী করতে হবে।" বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএইচ/কেএমএস/১৮২৫ঘ.