২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

রোমিরোর চোখে এভারেস্ট জয়ের স্বপ্ন

তের বছর বয়সী মার্কিন বালক জর্ডান রোমিরোর চোখে এখন বিশ্বের সর্বোচ্চ পর্বত মাউন্ট এভারেস্টের শীর্ষে পৌঁছানোর স্বপ্ন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Apr 2010, 09:41 AM

Updated : 24 Aug 2022, 08:21 PM

কাঠমান্ডু, এপ্রিল ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- তের বছর বয়সী মার্কিন বালক জর্ডান রোমিরোর চোখে এখন বিশ্বের সর্বোচ্চ পর্বত মাউন্ট এভারেস্টের শীর্ষে পৌঁছানোর স্বপ্ন। স্বপ্ন যদি সত্যি হয়, তবে তার একটি বাসনা আছে। সেটি হলো এভারেস্টের চূড়া থেকে এক টুকরো পাথর নিয়ে আসবেন তিনি। পরে তা লকেটে পুরে গলায় ঝুলিয়ে রাখবেন। কাঠমান্ডুতে রোমিরো রয়টার্সকে বলেন, "আমি এটা বিক্রি করব না, কাউকে দেবও না। এটা আমার কাছে এমন একটা কিছু হয়ে থাকবে যা নিয়ে আমি বলতে পারব এটা এভারেস্ট জয়ের চিহ্ন।" রোববার রোমিরো এভারেস্ট জয়ের উদ্দেশ্যে কাঠমান্ডু ছাড়বেন। সফল হলে তিনিই হবেন সবচেয়ে কম বয়সী এভারেস্ট জয়ী। বর্তমানে ১৬ বছর বয়সী নেপালি টেম্বা শেরি শেরপার দখলে আছে রেকর্ডটি। কাঠমান্ডুর পর্যটন এলাকা থামেলের এক রেস্তোরাঁয় বাবা ও সৎ মায়ের সঙ্গে দুপুরের খাবার খেতে খেতে কথা বলছিলেন রোমিরো। তিনি বলেন, "আমার শুধু একটি লক্ষ্য আছে। যদি আমি সফল না হই, তাতেও কিছু এসে যায় না। আমি আবারও চেষ্টা করব।" তবে রোমিরোর সফল হওয়ার সম্ভাবনা যে নেই, তা কিন্তু নয়। এরই মধ্যে তিনি আফ্রিকার কিলিমানজারো এবং আলাস্কার ম্যাককিনলেসহ কয়েকটি পর্বত জয় করেছেন। রোমিরোর বাবা পল জানান, এভারেস্টে আরোহণের ঝুঁকিগুলো সম্পর্কে রোমিরো বেশ ভালো করেই অবগত আছে। তারপরও সে প্রস্তুত। ১৯৫৩ সালে নিউজিল্যান্ডের স্যার অ্যাডমন্ড হিলারি ও নেপালের শেরপা তেনজিং প্রথম এভারেস্ট জয় করেন। এরপর এ পর্যন্ত চার হাজারেরও বেশি অভিযাত্রী এ গৌরব অর্জন করেছে। এ পর্বতের উচ্চতা বর্তমানে ৮ হাজার ৮ শ ৫০ মিটার (২৯ হাজার ৩৫ফুট)। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএমএইচ/কেএমএস/১৫৩৮ঘ.