২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

লাল শার্টদের টেলিভিশন আবারও বন্ধ

লাল শার্ট বিক্ষোভকারীদের টেলিভিশন চ্যানেলের সম্প্রচার শনিবার আবারো বন্ধ করে দিয়েছে থাই কর্তৃপক্ষ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Apr 2010, 05:59 AM

Updated : 24 Aug 2022, 08:21 PM

ব্যাংকক, এপ্রিল ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- লাল শার্ট বিক্ষোভকারীদের টেলিভিশন চ্যানেলের সম্প্রচার শনিবার আবারো বন্ধ করে দিয়েছে থাই কর্তৃপক্ষ। শুক্রবার চ্যানেলটির সম্প্রচার বন্ধ করে দিলে বিক্ষোভকারীদের ভূউপগ্রহ কেন্দ্র ঘেরাওয়ের মুখে তা চালু করতে বাধ্য হয় সরকার। সেনাবাহিনীর মুখপাত্র সানসার্ন কায়েকামনার্দ জানান, প্রধানমন্ত্রী অভিজিত ভেজ্জাজিভা 'পিপল চ্যানেল' নামের ওই টেলিভিশন চ্যানেলটি বন্ধ করে দেওয়ার নির্দেশ দিলে শুক্রবার গভীর রাতে নিরাপত্তা বাহিনী আবার তার দখল নেয়। ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী থাকসিন সিনাওয়াত্রার সমর্থক লাল শার্ট বিক্ষোভকারী নেতারা তাদের পরবর্তী পদক্ষেপের বিষয়ে সিদ্ধান্ত নিতে বৈঠক করবে। লাল শার্ট নেতা নাত্তাউত সাইকুয়া বিপণী বিতানগুলোর সামনে তৈরি মঞ্চ থেকে বিক্ষোভকারীদের জানান, লড়াই চলবে এবং আগামী সপ্তাহে থাই নববর্ষের জন্য কোনো ছাড় দেওয়া হবে না। তিনি বলেন, "আমাদের টেলিভিশন চ্যানেল আবার বন্ধ করে দেওয়ার নিন্দা জানাচ্ছি। তারা আমাদের যা বলেছিল সে পথেই ফিরে যাচ্ছে। এ ধরনের লোককে আমরা দেশ চালাতে দিতে পারি না। আমাদের লড়াই চালিয়ে যেতে হবে।" শুক্রবার রণক্ষেত্র হয়ে ওঠে থাকসিন সিনাওয়াত্রার মালিকানাধীন থাইকম গ্র"পের এই টিভি স্টেশন। সেখানে ব্যাপক সংঘর্ষ হয়েছে। টিভি চ্যানেল সম্প্রচারের ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেওয়ার দাবিতে জরুরী অবস্থার মধ্যেও সেনা বেষ্টনী উপেক্ষা করে বিক্ষোভ করেছে লাল শার্টরা। বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে নিরাপত্তা বাহিনী টিয়ার গ্যাস ছুড়েও ব্যর্থ হয়। জলকামান দিয়ে গরম পানি ছোড়া হয়। এ প্রতিরোধের মুখেও আন্দোলনকারীরা কাঁটাতারের বেড়া ভেঙে কম্পাউন্ডের গেট খুলে ফেলে। সেনাবাহিনীর প্রতি তারা ইটপাটকেলও নিক্ষেপ করে। বিক্ষোভকারীরা টিভি স্টেশনটির নিয়ন্ত্রণ নেওয়ার চেষ্টা করে। থাইকম পিসিএল ভূউপগ্রহ কেন্দ্র থাইল্যান্ডের প্রধান সম্প্রচার মাধ্যম। লাল শার্টরা 'পিপল চ্যানেল' এর মাধ্যমেই নিজেদের অনুষ্ঠান সম্প্রচার করে। কিন্তু সরকার বৃহস্পতিবার বিক্ষোভকারীদের টিভি চ্যানেল ও ওয়েবসাইট বন্ধ করে দেয়। সহিংসতা ছড়ানোর অভিযোগে কর্তৃপক্ষ বৃহস্পতিবার থেকে চ্যানেলটির সম্প্রচার করার যন্ত্রপাতিও জব্দ করে। লাল শার্টদের একজন নেতা জাতুপর্ন প্রোমপান বলেন, "আমরা আমাদের টেলিভিশন ফেরত চাই। আপনি আমাদের চোখ কান বন্ধ করতে পারেন না।" আগাম নির্বাচনের দাবিতে প্রায় একমাস ধরে লাল শার্টরা ব্যাংককে বিক্ষোভ চালিয়ে যাচ্ছে। লাল শার্টরা ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী থাকসিন সিনাওয়াত্রার সমর্থক। ২০০৬ সালের এক সামরিক অভ্যুত্থানে থাকসিন সিনাওয়াত্রা ক্ষমতাচ্যুত হন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমডি/সিআর/১১৫৫ ঘ.