বেইজিং, এপ্রিল ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মাদক পাচার ও বহনের দায়ে আরো তিন জাপানির মৃত্যুদণ্ড কার্যকর করেছে চীন।
শুক্রবার চীনের রাষ্ট্রীয় বার্তা সংস্থা সিনহুয়া জানায়, লিয়াওনিং-এ মৃত্যুদণ্ড কার্যকর হওয়া তিন জাপানির একজন তেরাও তাকিদা (৬৭)।
২০০৩ সালে ৫ কেজি মেটহামফেটামাইন কিনে অন্য দুই জাপানিকে তা চীনের বাইরে পাচার করতে বলার অভিযোগে দণ্ডিত করা হয়। দণ্ডপ্রাপ্ত অন্যরা হলেন, হিরোনোরি উকাই (৪৮) ও কাতসুয়ো মোরি (৬৭)।
চীনের উত্তরপূর্বাঞ্চলীয় ওই প্রদেশে চলতি সপ্তাহেই মিতসুনোবু আকানো নামে জাপানের আরো এক নাগরিকের মৃত্যুদণ্ড কার্যকর হয়।
জাপানি সংবাদ মাধ্যমগুলো জানায়, ১৯৭২ সালে দু'দেশের মধ্যকার সম্পর্ক স্বাভাবিক হওয়ার পর প্রথম বারের মতো মৃত্যুদণ্ডের ঘটনাগুলো ঘটলো।
তবে মৃত্যুদণ্ড কার্যকরের সংবাদে জাপানের সাধারণ নাগরিকদের মধ্যে তেমন কোনো প্রতিক্রিয়া দেখা যায়নি।
জি-এইটভুক্ত রাষ্ট্রগুলোর মধ্যে যুক্তরাষ্ট্র ও জাপানে মৃত্যুদণ্ডের বিধান রয়েছে। গত ফেব্র"য়ারিতে জাপানে এক সরকারি জরিপে দেখা যায়, ৮৬ শতাংশ জাপানি নাগরিক মৃত্যুদণ্ডের পক্ষে।
জাপানি সংবাদ মাধ্যমগুলো জানায়, জাপানি প্রধানমন্ত্রী উকিও হাতোইয়ামা এ ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছেন। আগামী সপ্তায় ওয়াশিংটনে অনুষ্ঠিতব্য 'পারমাণবিক নিরাপত্তা' শীর্ষক সম্মেলনে এ বিষয়ে চীনা প্রেসিডেন্ট হু জিনতাও-এর সঙ্গে দ্বিপাক্ষিক আলোচনা করবেন।
মাদক চোরাচালানের অভিযোগে গত ডিসেম্বরে চীন এক ব্রিটিশ নাগরিকের মৃত্যুদণ্ড কার্যকর করেছে। মাদক সংক্রান্ত অপরাধে জড়িত অভিযোগে চীন আরো বেশ কয়েকজন বিদেশি নাগরিকের মৃত্যুদণ্ড কার্যকর করেছে।
স
bdnews24