২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

গৃহযুদ্ধ ঠেকানোর প্রত্যয় অন্তর্বর্তী কিরগিজ সরকারের

কিরগিজস্তানে গৃহযুদ্ধ ঠেকাতে সবকিছু করবে নতুন ক্ষমতাসীন সরকার। দেশের সেনাবাহিনীও তাদের নিয়ন্ত্রণে রয়েছে বলে অন্তর্বর্তীকালীন ওই সরকার দাবি করেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Apr 2010, 04:41 AM

Updated : 24 Aug 2022, 08:21 PM

বিশকেক, এপ্রিল ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- কিরগিজস্তানে গৃহযুদ্ধ ঠেকাতে সবকিছু করবে নতুন ক্ষমতাসীন সরকার। দেশের সেনাবাহিনীও তাদের নিয়ন্ত্রণে রয়েছে বলে অন্তর্বর্তীকালীন ওই সরকার দাবি করেছে। শুক্রবার বিরোধীদলীয় নেতা ও অন্তর্বর্তী সরকারের প্রধান রোজা ওতুনবায়েভ সাংবাদিকদের বলেন, "আমাদের পর্যাপ্ত সম্পদ ও সামর্থ্য রয়েছে, জনগণেরও সমর্থন রয়েছে যা আমাদের প্রয়োজন। "সশস্ত্র সব বাহিনী আমাদের নিয়ন্ত্রণে রয়েছে। গৃহযুদ্ধ ঠেকাতে আমরা সম্ভাব্য সবকিছু করবো।" ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট কারমানবেক বাকিয়েভ প্রসঙ্গে রোজা বলেন, "বাকিয়েভের সামনে দেশ ত্যাগের সুযোগ রয়েছে। আমরা শুধু তার ব্যক্তিগত নিরাপত্তার ব্যাপারে নিশ্চয়তা দেব যদি তিনি পদত্যাগ করেন।" গত বুধবার বিরোধীদলের বিক্ষোভ ও ঘেরাওয়ের মুখে প্রেসিডেন্ট কারমানবেক বাকিয়েভ বিশকেক ছেড়ে চলে যান। তিনি দেশের দক্ষিণাঞ্চলীয় জালালাবাদ প্রদেশে আত্মগোপন করে থাকতে পারেন বলে ধারণা করা হচ্ছে। সেখানে তার বিপুল সমর্থন রয়েছে। গত বুধবার বিক্ষোভের মাধ্যমে দেশটির ক্ষমতা দখল করে বিরোধী দল। তারা বৃহস্পতিবার পার্লামেন্ট বিলুপ্ত ঘোষণা করে অন্তর্বর্তীকালীন সরকার গঠন করে। সাবেক সোভিয়েত ইউনিয়নভুক্ত মধ্য এশিয়ার এ দেশটিতে দুর্নীতি, দ্রব্যমূল্য বৃদ্ধি ও ব্যাপক দারিদ্রের প্রতিবাদে মার্চ মাসের শুরু থেকে সরকার বিরোধী বিক্ষোভ দানা বেঁধে ওঠে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/সিআর/এমআই/১৩৫৫ঘ.