নয়াদিল্লি, এপ্রিল ৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)--- ভারতের ছত্তিশগড়ে এ সপ্তাহে মাওবাদী গেরিলা হামলায় ৭৬ জন পুলিশ নিহতের ঘটনায় ব্যর্থতার দায় স্বীকার করে পদত্যাগ করতে চেয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী পালানিয়াপ্পন চিদাম্বরম। কিন্তু প্রধানমন্ত্রী তার প্রস্তাব প্রত্যাখ্যান করেছেন। কর্মকর্তারা শুক্রবার একথা জানিয়েছেন।
যথাযথ গোয়েন্দা সূত্র ও পরিকল্পনার অভাবে মঙ্গলবার কেন্দ্রীয় সরকারের ৮১ জন পুলিশ ছত্তিশগড়ের জঙ্গলে অস্ত্রশস্ত্রে সজ্জিত এক হাজারেরও বেশি মাওবাদী যোদ্ধার চোরাগোপ্তা হামলার শিকার হয়।
এ হামলার পর থেকেই ক্ষমতাসীন কংগ্রেস জোট বিরোধী দলের ব্যাপক সমালোচনার মুখে পড়েছে। তাদের মতে, সরকার মাওবাদী গেরিলাদের দমন করতে ব্যর্থ হয়েছে।
আগামী দু বছরের মধ্যে অনুষ্ঠেয় আটটি রাজ্যের নির্বাচনের আগে মাওবাদীদের দমনে সরকারের ওপর এ চাপ আরও বেড়ে যাওয়ার সম্ভাবনা আছে।
শুক্রবার নয়া দিল্লিতে নিহতদের সৎকার অনুষ্ঠানে চিদাম্বরম বলেন, " দান্তেওয়াদাতে( ছত্তিশগড়) যা ঘটেছে, তার পুরো দায়িত্ব আমি নিচ্ছি।
তিনি বলেন, আমাকে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে এ হত্যাকান্ডের জন্য কে দায়ী তা জিজ্ঞেস করা হয়েছে। আমি দ্বিধাহীন চিত্তে ওই হামলায় নিহতদের মৃত্যুর দায় নিজ কাঁধে নিলাম।
কংগ্রেস পার্টির নাম প্রকাশে অনিচ্ছুক এক নেতা এবং স্বরাষ্ট্রমন্ত্রণালয়ের এক কর্মকর্তা বলেন, প্রধানমন্ত্রীর কাছে পদত্যাগ চেয়ে চিঠি পাঠিয়েছিলেন চিদাম্বরম। কিন্তু তার পদত্যাগপত্র সঙ্গে সঙ্গেই বাতিল করেছেন প্রধানমন্ত্রী।
ভারতের সংবাদ মাধ্যমে বড় বড় শিরোনামে ছত্তিশগড়ে মাওবাদী হামলার ঘটনা ছাপিয়ে সরকারের ব্যর্থতাকে চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দেওয়া হয়।
কয়েক দশকের পুরনো মাওবাদীদের এ আন্দোলন শুরু হয় ১৯৬৭ সালে পশ্চিমবঙ্গের নকশাল বাড়িয়া গ্রাম থেকে এক কৃষক বিদ্রোহের মাধ্যমে। বর্তমানে এ আন্দোলন ২২ থেকে ২৮টি রাজ্যে ছড়িয়ে পড়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএমএইচ/এলকিউ/১৬২১ ঘ.
bdnews24