সান ফ্রান্সিসকো, এপ্রিল ০৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- যুক্তরাষ্ট্রে পার্লামেন্টের স্পিকার ন্যান্সি পেলোসিকে হুমকি দেওয়ায় বৃহস্পতিবার সান ফ্রান্সিসকোর এক ব্যক্তিকে অভিযুক্ত করা হয়েছে।
পার্লামেন্টে স্বাস্থ্য সেবা বিল নিয়ে বিতর্ক চলার সময় ওই ব্যক্তি পেলোসিকে হুমকি দেওয়া ও হয়রানি করাসহ অশ্লীল ফোনকল করেছে বলে অভিযোগ রয়েছে।
গ্রেগরি লি গিউস্টি নামক ৪৮ বছর বয়সী এ ব্যক্তি বুধবার সান ফ্রান্সিসকোতে গেপ্তার হন। বৃহস্পতিবার তাকে প্রথম যুক্তরাষ্ট্রের ফেডারেল আদালতে হাজির করা হয়। তাকে কাস্টডিতে রাখা হয়েছে।
এফবিআই-এর একটি এফিডেভিটে বলা হয়েছে, পেলোসি তার অভিযোগপত্রে উল্লেখ করেছেন, ৬ ফেব্র"য়ারি থেকে ২৫ মার্চের মধ্যে তিনি তার ওয়াশিংটন ও সান ফ্রান্সিসকোর বাসায়, জেলা অফিসে এবং তার স্বামীর অফিসে গিউস্টির কাছ থেকে কমপক্ষে ৪৮ টি ফোন কল পেয়েছেন। তিনি বলেছেন, এ সব ফোন কল ছিল,"অশ্লীল, হয়রানিমূলক ও হুমকিদায়ক"।
পেলোসি এফবিআইকে বলেছেন, টেলিফোনকারি একটি ফোন কলে তীব্র অশ্লীল ও নিষ্ঠূর ভাষা ব্যবহার করে তাকে বলেছেন,"ক্যালিফোর্নিয়া ফিরে গেলে তুমি সেখানে থাকার কোনও ঘর পাবে না।"
পেলোসির ওয়াশিংটনের বাসায় রেকর্ড করা একটি ফোন কলে বলা হয়েছে, "তুমি উত্তর ক্যালিফোর্নিয়ার বাড়িটি পছন্দ করলে স্বাস্থ্য সেবা বিলে ভোট দিয়ো না।"
আরেকটি বিবৃতিতে পেলোসিকে 'ডাইনি' আখ্যা দিয়ে গিউস্টি লিখেছেন, তিনি চান না পেলোসি স্বাস্থ্যসেবা বিল জনগণের ওপর চাপিয়ে দেওয়ার জন্য কাজ করুক।
পেলোসিকে হুুমকি দেওয়ার এ অভিযোগে গিউস্টির কমপক্ষে ২ বছরের কারাদণ্ড ও ২ লাখ ৫০ হাজার মার্কিন ডলার জরিমানা হতে পারে।
স্বাস্থ্য সেবা বিল নিয়ে বিতর্কের কারণে অন্য একজন আইন প্রণেতাও একই ধরনের হুমকি পেয়েছেন।
স্বাস্থ্য সেবা বিলে সমর্থন দেওয়ার জন্য ডেমোক্র্যাট দলের সিনেটর প্যাটি মুরারিকে হত্যার হুমকি দেওয়ার দায়ে মঙ্গলবার ৬৪ বছর বয়সী ওয়াশিংটনের এক ব্যক্তিকে অভিযুক্ত করা হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএইচ/এলকিউ/১৬৪৭ ঘ.
bdnews24