বস্টন, এপ্রিল ০৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- যুক্তরাষ্ট্রের টুইন টাওয়ারে হামলার ৭ বছর পেরোনোর পরও শ্বাসকষ্টে ভুগছে ওই সময়কার উদ্ধারকাজ চালানো কর্মীরা। তাদের ফুসফুসের কার্যকারিতা কমে আসছে।
বুধবার গবেষকরা একথা জানিয়েছেন।
২০০১ সালের ১১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্রে নিউ ইয়র্কের ওয়ার্ল্ড ট্রেড সেন্টারে জঙ্গিরা বিমান হামলা চালায়।
ধূলোবালি, ধোঁয়া ও অন্যান্য বিষাক্ত রাসায়নিকের কারণে নিউ ইয়র্কের দমকল বিভাগের কর্মীদের শ্বাসকষ্টের সমস্যা ধরা পড়ে টুইন টাওয়ার ধ্বংসের এক বছর পর। কমে আসতে থাকে তাদের ফুসফুসের কার্যকারিতা। যেন তারা ১২ বছরের শিশু।
ডাক্তাররা ভেবেছিলেন তাদের ফুসফুসের অবস্থার উন্নতি হবে। যেমন করে নিয়মমাফিক ধূমপানের মধ্য দিয়ে ফুসফুসের কার্যকারিতা স্বাভাবিক অবস্থায় ফেরানো যায়।
কিন্তু সময় পেরোনোর সঙ্গে সঙ্গে বিশেষ করে, হামলা পরবর্তী ৬ বছরে উদ্ধারকর্মীদের ফুসফুসের অবস্থা আরও খারাপের দিকে গেছে।
নিউ ইয়র্কের আলবার্ট আইনস্টাইন মেডিসিন কলেজের অধ্যাপক এবং সমীক্ষাটির প্রধান ডেভিড প্রিজেন্ট এক টেলিফোন সাক্ষাৎকারে একথা বলেন।
দেখা গেছে, যেসব দমকল কর্মী কখনও ধূমপান করেননি তাদেরও ফুসফুসের আয়তন বছরে ২৫ মিলিলিটার কমে গেছে। আর জরুরি চিকিৎসা সেবাধীন কর্মীরা হারিয়েছেন ৪০ মিলিটারের মতো। এক সেকেন্ডে তারা কতটুকু বাতাস বের করতে পারেন তার ওপর ভিত্তি করেই এ হিসাব করা হয়েছে।
নিউ ইংল্যান্ড জার্নাল অব মেডিসিনে প্রকাশিত এক প্রতিবেদনে একথা বলেন প্রিজান্ট ও তার সহকর্মীরা।
প্রিজান্ট জানান, এ পরিস্থিতি ক্রমাগত খারাপ হতে থাকায় এদের অনেকেই শ্বাসকষ্টের সমস্যায় ভুগছে।
১৯৯৭ সাল থেকে এ শহরে উদ্ধারকর্মীদের ফুসফুসের কর্মক্ষমতা পরীক্ষা করা হয়ে আসছে।
১১ সেপ্টেম্বরের আগে ফুসফসের সমস্যা ছিল খুব কম সংখ্যক দমকল কর্মীরই। কিন্তু হামলার কয়েক বছর পরই এ সংখ্যা ১৩ শতাংশ বেড়ে যায়।
জরুরি চিকিৎসা সেবাধীন উদ্ধারকর্মীদের মধ্যে হামলাপূর্ব সময়ে ফুসফুসের সমস্যা আক্রান্তের সংখ্যা ছিল ১১ শতাংশ। কিন্তু হামলা পরবর্তী সময়ে এ সংখ্যা বেড়ে দাঁড়ায় ২৩ শতাংশে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএমএইচ/এলকিউ/২১৪৪ ঘ.
bdnews24