২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ওবামা-মেদভেদেভ পরমাণু নিরস্ত্রীকরণ চুক্তি সই

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামা এবং রাশিয়ার প্রেসিডেন্ট দিমিত্রি মেদভেদেভ বৃহস্পতিবার প্রাগে ঐতিহাসিক পরমাণু নিরস্ত্রীকরণ চুক্তি সই করেছেন। চুক্তির আওতায় দু'দেশ ৭ বছরের মধ্যে ৩০ শতাংশ পরমাণু অস্ত্র হ্রাস করবে। (আরও তথ্যসহ-১)

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Apr 2010, 11:47 AM

Updated : 24 Aug 2022, 08:18 PM

প্রাগ, এপ্রিল ৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)---- যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামা এবং রাশিয়ার প্রেসিডেন্ট দিমিত্রি মেদভেদেভ বৃহস্পতিবার প্রাগে ঐতিহাসিক পরমাণু নিরস্ত্রীকরণ চুক্তি সই করেছেন। চুক্তির আওতায় দু'দেশ ৭ বছরের মধ্যে ৩০ শতাংশ পরমাণু অস্ত্র হ্রাস করবে। এ চুক্তি পরমাণু অস্ত্র মুক্ত বিশ্ব গড়তে নতুন যুগের সূচনা করার পাশাপাশি যুক্তরাষ্ট্রের সঙ্গে রাশিয়ার দ্বিপক্ষীয় সম্পর্কোন্নয়ন ঘটাবে এবং পরমাণু অস্ত্র অর্জনে উৎসাহী দেশগুলোও এ চুক্তির ফলে ওই পরিকল্পনা বাদ দেওয়ার চাপের মুখে পড়বে বলে আশা করছে দু দেশ। ওবামা ও মেদভেদেভ চুক্তিটি আগেই অনুমোদন করেছিলেন। সেই চুক্তিই তারা এখন আনুষ্ঠানিকভাবে সই করলেন চেক প্রজাতন্ত্রের রাজধানী প্রাগে। সই হওয়া এ চুক্তি এখন মার্কিন সিনেট এবং রাশিয়ার পার্লামেন্টের অনুমোদন পেলে তা ১৯৯১ সালের 'স্ট্র্যাটেিিজক আর্মস রিডাকশন ট্রিটি' (স্টার্ট) চুক্তির স্থলাভিষিক্ত হবে। স্টার্ট-১ চুক্তির মেয়াদ শেষ হয়ে গেছে। ফলে নতুন করে এ স্টার্ট-২ চুক্তি সই করল যুক্তরাষ্ট্র-রাশিয়া। চেক প্রেসিডেন্টের বাসভবন প্রাগ ক্যাসেলের স্প্যানিশ হলে শ শ কর্মকর্তার উপস্থিতিতে দু নেতা চুক্তিতে সই করেন। নতুন চুক্তির আওতায় দু দেশকেই মোতায়েনকৃত পরমাণু অস্ত্রের সংখ্যা ১৫৫০ তে নামিয়ে আনার আন্তরিক চেষ্টা নিতে হবে। মেদভেদেভ বলেছেন, ভবিষ্যতে পরমাণু অস্ত্র মুক্ত বিশ্ব গড়ায় এ চুক্তি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। ওদিকে, হোয়াইট হাউসের মুখপাত্র রবার্ট গিবস বলেছেন, মার্কিন সিনেট চুক্তিটি এ বছরই অনুমোদন করবে বলে আশা করছেন ওবামা। ওবামা বলেন, "এ এক গুরুত্বপূর্ণ মাইলফলক। তবে পরমাণু নিরস্ত্রীকরণের দীর্ঘ পথ পরিক্রমায় এ পদক্ষেপ একটি ধাপ মাত্র।" অন্যদিকে, মেদভেদেভ বলেন, এ চুক্তি বিশ্বব্যাপী নিরাপদ পরিবেশ সৃষ্টি করবে। ইরান ইস্যু এবং যুক্তরাষ্ট্রের ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থাসহ অনেক ইস্যু নিয়েই মস্কো ও ওয়াশিংটনের মধ্যে মতবিরোধ রয়েছে। মঙ্গলবার রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ আবারও সতর্ক করে দিয়ে বলেছেন, যুক্তরাষ্ট্র ইউরোপে ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা গড়ার পরিকল্পনায় অটল থাকলে মস্কো স্টার্ট-২ চুক্তি থেকে বেরিয়ে আসবে। ওবামা রাশিয়ার সঙ্গে সম্পর্ক মেরামতের চেষ্টা করছেন। নতুন চুক্তি এক্ষেত্রে সহায়ক হতে পারে বলেই মনে করা হচ্ছে। তবে প্রথম স্টার্ট চুক্তির চেয়ে ২য় স্টার্ট চুক্তির আওতায় দু'দেশ প্রায় দুই-তৃতীয়াংশ অস্ত্র হ্রাস করলেও তাদের হাতে অন্যদেরকে ধ্বংস করে দেওয়ার মতো উল্লেখযোগ্য পরিমাণ অস্ত্র থেকে যাবে। তাছাড়া, স্বল্প-পাল্লার পরমাণু অস্ত্র হ্রাস এ চুক্তির আওতায় পড়বে না। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলকিউ/১৭৪৩ ঘ.