২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

শ্রীলংকায় পার্লামেন্ট নির্বাচনে ভোটগ্রহণ

শ্রীলংকায় পার্লামেন্ট নির্বাচনে বৃহস্পতিবার ভোটগ্রহন শুরু হয়।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Apr 2010, 07:37 AM

Updated : 24 Aug 2022, 08:18 PM

কলম্বো, এপ্রিল ৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- শ্রীলংকায় পার্লামেন্ট নির্বাচনে বৃহস্পতিবার ভোটগ্রহন শুরু হয়। ভোটকেন্দ্রগুলোর নিরাপত্তার জন্য প্রায় ৮০ হাজার পুলিশ ও সেনা মোতায়েন করা হয়েছে। নির্বাচনে মোট প্রার্থী ৭ হাজার ৬২০ জন। এদের মধ্য থেকে ২২৫ জন পার্লামেন্ট সদস্যকে নির্বাচিত করবে ভোটাররা। প্রেসিডেন্ট রাজাপাকসে সকালে দক্ষিণাঞ্চলের হেমবান্তোতা জেলার মেদামুলানার একটি স্কুলে ভোটকেন্দ্রে ভোট দেন। এই জেলায় তিনটি পৃথক আসনে তার বড় ছেলে, ভাই এবং ভাগ্নী নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন। ভোট কেন্দ্র থেকে বের হয়ে রাজাপাকসে সাংবাদিকদের বলেন, "আমরা সন্ত্রাস থেকে বের হয়ে এসেছি। তবে ছাঁই চাপা আগুন এখনও রয়ে গেছে। উন্নয়নের মাধ্যমে দেশের এ ভাঙা হৃদয়কে আমাদের জোড়া লাগাতে হবে। আর কেবল শক্তিশালী পার্লামেন্টের মাধ্যমেই তা হতে পারে। স্বল্প সময়ের মধ্যেই আমরা যা দেখিয়েছি তা হলো, অর্থনীতি ও অন্যান্য ক্ষেত্রে উন্নতি ঘটাতে আমরা সক্ষম।" তিনি জানান, তামিল বিদ্রোহীদের বিরুদ্ধে লড়াইয়ের পর দেশটির তামিল সংখ্যালঘু জনগোষ্ঠী এবং সংখ্যাগরিষ্ঠ সিংহলিরা বিভক্ত হয়ে পড়েছে। এদের মধ্যে সত্যিকার মেলবন্ধনের জন্য প্রয়োজন গণতন্ত্র এবং উন্নয়ন। নির্বাচনে রাজাপাকসের জোট ইউনাইটেড পিপলস ফ্রিডম অ্যালায়েন্সের (ইউপিএফএ) লক্ষ্য হচ্ছে পার্লামেন্টে ১৫০টি আসন বা দুই তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতা অর্জন করা। সংবিধান সংশোধনের জন্য এটা প্রয়োজন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমডি/কেএমএস/১৩১৫ঘ.