নয়া দিল্লি, এপ্রিল ০৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)--- ছত্তিশগড়ে বড় ধরনের হামলার পর মাওবাদীদের বিরুদ্ধে লড়াইয়ে আরও পুলিশ নামানো এবং সেনাবাহিনীকে দিয়ে তাদেরকে ঠেকানোর আরও সুপরিকল্পনা নেওয়ার চাপের মুখে পড়েছে ভারত সরকার।
ভারতীয় জনতা পার্টি (বিজেপি) র মুখপাত্র বুধবার বলেছেন, মাওবাদী বিদ্রোহীদের দমন করতে কংগ্রেস সরকারের অবশ্যই সেনাবাহিনী নামানো উচিত।
বিজেপির প্রধান মুখপাত্র প্রকাশ জাভদেকার বলেছেন, সরকারের এ মুহূর্তে সেনাবাহিনী দিয়ে মাওবাদীদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করা উচিত।
সেইসঙ্গে সেনাবাহিনী, নিরাপত্তা বাহিনী ও অন্যান্য রাষ্ট্রীয় সংস্থাগুলোর মধ্যে সমন্বয় আরও বাড়ানোটা জরুরি প্রয়োজন বলেও মন্তব্য করেন তিনি।
মঙ্গলবার ভারতে ছত্রিশগড় রাজ্যে মাওবাদীদের ভয়াবহ হামলায় ৭৬ জন পুলিশ নিহত হয়।
প্রায় এক হাজার মাওবাদী এ হামলা চালায়। বিশেষজ্ঞ ও কর্মকর্তারা এর জন্য গোয়েন্দা ব্যর্থতা এবং পুলিশের পরিকল্পনার অভাবকে দায়ী করেছে।
কর্মকর্তারা বলেছেন, ছত্রিশগড়েরর বসতার বনের কাছে পুলিশরা মাওবাদীদের ফাঁদে পড়ে। এরপর মাওবাদীরা সবদিক থেকে গুলি চালায় এবং বিস্ফোরণ ঘটায়।
হামলায় অল্পের জন্য রক্ষা পাওয়া কয়েকজন জানিয়েছে, পালিয়ে যাওয়ার জন্য তারা মরার মত অভিনয় করেছে। আহত পুলিশ কর্মকর্তাদের মাওবাদীরা লাথি মেরে ফেলে দিয়েছে এবং তাদের অস্ত্র কেড়ে নিয়েছে।
ভারতের প্রত্যন্ত অঞ্চলে এ হামলায় সময় মার্কিন অর্থমন্ত্রী টিমোথি গেইথনার ভারত সফর করছেন। তিনি বলেছেন, বিশ্বের অর্থনীতিতে ভারত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখার এ সময়ে দেশের বেশিরভাগ অংশ দারিদ্র্য ও সন্ত্রাসে ডুবে আছে।
বিশেষজ্ঞরা বলছেন, মাওবাদীদের দমন করতে না পারলে আগামী দুই বছরে অনুষ্ঠেয় ৮ টি রাজ্য নির্বাচনে কংগ্রেসের ভরাডুবি হতে পারে। এর মধ্যে আছে মাওবাদী অধ্যুষিত পশ্চিমবঙ্গ, বিহার এবং ঝাড়খণ্ড।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/বিবি/এলকিউ/১৭২৫ ঘ.
bdnews24