ব্যাংকক, ৭ এপ্রিল (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)---- থ্যাইল্যান্ডে নির্বাচন দেওয়ার জন্য সরকারের ওপর চাপ বাড়াতে লাল শার্টরা বুধবার পার্লামেন্ট চত্বর ঘেরাও করে বিক্ষোভ করেছে।
শনিবার থেকে রাজধানীর প্রধান প্রধান দোকান-পাটগুলোতে অবস্থান নেওয়া শত শত লাল শার্ট বিক্ষোভকারী দাঙ্গা পুলিশের বাধা উপেক্ষা করে পার্লামেন্ট চত্বরে প্রবেশ করে। তবে এর ২০ মিনিট পর তারা বেরিয়ে এসে পার্লামেন্ট ভবনের বাইরে সমবেত হয়ে বিক্ষোভ করে।
এ ঘটনার কিছুক্ষণ আগেই পার্লামেন্টে মন্ত্রিসভার বৈঠক চলছিল। বিক্ষোভকারীরা পার্লামেন্ট চত্বরে প্রবেশের আগেই বৈঠকের সমাপ্তি ঘোষণা করা হয়।
সাবেক প্রধানমন্ত্রী থাকসিন সিনাওয়াত্রার সমর্থক লাল শার্ট বিক্ষোভকারীরা বলছে, আমাদের লক্ষ্য প্রধানমন্ত্রী অভিজিত ভেজ্জাজিভা। অভিজিতের সামরিক সমর্থনপুষ্ট সরকার প্রায় চার সপ্তাহ ধরে নির্বাচনের দাবিতে বিক্ষোভের চাপের মুখে রয়েছে।
সরকারের নিষেধাজ্ঞা উপেক্ষা করেও বিক্ষোভকারীরা প্রায় চার সপ্তাহ ধরে দোকানপাট এবং বিলাবহুল হোটেলগুলো অবরূদ্ধ করে রেখেছে।
পরবর্তী আন্দোলন কর্মসূচি ঘোষণা করে বিক্ষোভকারীদের নেতা নাত্তাওয়াত সাইকুয়া সাংবাদিকদের বলেছেন, "আজ থেকে আমরা অভিজিত সংশ্লিষ্ট কর্মকাণ্ড, স্থান এবং ব্যক্তিদের লক্ষ্য করে বিক্ষোভ করব।"
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/বিসিএস/এলকিউ/১৬১৫ ঘ.
bdnews24