২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

পশ্চিমাদের দূরে ঠেলে আদিবাসী নেতাদের পাশে কারজাই

আফগানিস্তানের প্রেসিডেন্ট হামিদ কারজাই পশ্চিমা নেতাদের কটাক্ষ করে তাদের তোপে পড়ার পর এবার আদিবাসী নেতাদের পাশে দাঁড়ানোর আশ্বাস দিয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Apr 2010, 12:38 PM

Updated : 24 Aug 2022, 08:12 PM

কান্দাহার, আফগানিস্তান, এপ্রিল ০৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)--- আফগানিস্তানের প্রেসিডেন্ট হামিদ কারজাই পশ্চিমা নেতাদের কটাক্ষ করে তাদের তোপে পড়ার পর এবার আদিবাসী নেতাদের পাশে দাঁড়ানোর আশ্বাস দিয়েছেন। কান্দাহারের দক্ষিণাঞ্চলীয় একটি শহরে রোববার আদিবাসী নেতাদের শূরা কাউন্সিলের বক্তব্যে কারজাই বলেন, তারা যেন দেশের নেতাদেরকে 'পুতুল' মনে না করে। শুরা কাউন্সিলের এ সভায় ১৫ শ' আদিবাসী নেতার সামনে কারজাই বলেন, স্থানীয় লোকজনের সমর্থন না থাকায় এ এলাকায় ন্যাটো বাহিনীর সম্ভাব্য বড় ধরনের অভিযান বন্ধ করে দেবেন তিনি। যুক্তরাষ্ট্র ও ন্যাটো বাহিনীর কমান্ডার জেনারেল স্ট্যানলি ম্যাকক্রিস্টাল কারজাইয়ের সঙ্গে কান্দাহার যান। তিনি কারজাইয়ের পিছনে মঞ্চে বসা থাকলেও কোনো কথা বলেননি। কারজাই বলেন," আফগানিস্তান তখনই স্থিতিশীল হবে যখন তার জনগণ বিশ্বাস করবে তাদের প্রেসিডেন্ট স্বাধীন-----যখন জনগণ বিশ্বাস করবে তাদের সরকার স্বাধীন এবং পুতুল মাত্র নয়।" তিনি আরো বলেন, সরকারি কর্মকর্তাদের তাদের কাজে বিদেশিদের নাক গলাতে দেওয়া উচিত নয়। তিনি বলেন, 'আমি একদিন ওবামাকে বলেছি, আমি যুদ্ধের মধ্যে এ জাতিকে রাখতে পারি না। ৮ বছর ধরে এ অবস্থা চলছে, আমরা শান্তি ও নিরাপত্তা চাই। আমি সর্বশক্তি দিয়ে দেশে শান্তি আনার কাজে রয়েছি।" মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা গত সপ্তাহে এক আকস্মিক সফরে কাবুলে কারজাইয়ের সঙ্গে সাক্ষাৎ করেন। ক্ষমতা গ্রহণের প্রায় ১৫ মাসের মধ্যে এটাই আফগানিস্তানে তার প্রথম সফর। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএইচ/এলকিউ/১৮৩০ ঘ.