পেশোয়ার, ৫ এপ্রিল (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)--- পাকিস্তানের পেশাওয়ারে মার্কিন কনস্যুলেটে সোমবার বোমা হামলা চালিয়েছে জঙ্গিরা। কর্মকর্তারা একথা জানিয়েছেন।
উত্তর-পশ্চিমাঞ্চলে আত্মঘাতী হামলায় ৩৮ জন নিহত হওয়ার কয়েকঘন্টা পরই কড়া নিরাপত্তাধীন মার্কিন কনস্যুলেটে এ হামলা ঘটে। তবে নিরাপত্তা বাহিনী পরে জঙ্গিদের পাকড়াও করেছে।
স্থানীয় বাসিন্দা সিরাজ আফ্রিদি রয়টার্সকে জানান, আমি হামলাকারীদের দুটি যানে করে আসতে দেখি। তারা প্রথমে কস্যুলেটের সামনে চেকপোস্টের নিরাপত্তারক্ষীদের ওপর গুলি চালায়। পরে তাদের কয়েকজন রকেট চালিত গ্রেনেড ও বোমা হামলা চালায়।
অন্য একজন বাসিন্দা জানান, মার্কিন কনস্যুলেটের কাছাকাছিই প্রথম বিস্ফোরণটি হয়। পরে একই এলাকায় আরো বিস্ফোরণ ও রাইফেলের গুলির আওয়াজ শুনতে পাওয়া যায়।
পাকিস্তানের এক গোয়েন্দা কর্মকর্তা বলেছেন, মার্কিন কনস্যুলেট বভনের ভেতর কেউ আহত হয়নি। তবে কনস্যুলেটের তিন রক্ষী নিহত হয়েছে।
তিনি বলেন, "হামলাটি সুপরিকল্পিত এবং আত্মঘাতী হামলা ছিল। তবে কনস্যুলেট ভবনে কেউ আহত হয়নি।"
মার্কিন দূতাবাস বলেছে, তাদের কনস্যুলেটে হামলা হয়েছে। কিন্তু এ ব্যাপারে তারা বিস্তারিত কিছু জানায়নি।
ডন টেলিভিশনে দৃশ্যত হামলাকারীদের ছবি দেখা গেছে। বোমা হামলার পর তাদেরকে আত্মসমর্পণের ভঙ্গিতে অস্ত্রসহ হাত উপরে তুলে ধরে থাকতে দেখা যায়।
বোমা হামলার পর চারিদিক ধোঁয়ায় ঢেকে যায়। অধিবাসীরা জানিয়েছে, সেনারা এলাকাটি ঘিরে রেখেছে এবং লোকজনকে ঘরে থাকার নির্দেশ দিয়েছে। আকাশে চক্কর দিচ্ছে হেলিকপ্টার।
প্রাদেশিক সরকারের মন্ত্রী বশির বিলর বলেছেন, নিহতদের মধ্যে রয়েছে ৪ হামলাকারী। তিনি সাংবাদিকদের বলেন, তারা প্রচুর বিস্ফোরক এনেছিল এবং অস্ত্রসজ্জিত ছিল।
পেশাওয়ারের পুলিশ দুটো বোমা বিস্ফোরণের খবর নিশ্চিত করেছে। তবে এ হামলার কারণ এবং হতাহতের সংখ্যা সম্পর্কে পুলিশ কিছু জানাতে পারেনি।
মার্কিন কনস্যুলেটে হামলার আগে সোমবার সকালে উত্তর-পশ্চিমাঞ্চলের আওয়ামী ন্যাশনাল পার্টির জনসভায় আত্মঘাতী হামলায় ৩৮ জন নিহত হয়। হাসপাতালের একজন ডাক্তার একথা জানান।
পুলিশ বলছে, হামলাকারী জনসভার মধ্যে যাওয়ার চেষ্টা করছিল। কিন্তু তাকে বাধা দেওয়া হলে সে তখনই বিস্ফোরণ ঘটায়। আওয়ামী ন্যাশনাল পার্টি (এএনপি) নর্থ-ওয়েস্ট ফ্রন্টিয়ার প্রদেশে জোট সরকারের নেতৃত্ব দিচ্ছে।
এ দলটি ধর্মনিরপেক্ষ এবং রাষ্ট্রের বিরুদ্ধে জঙ্গিবাদের চরম বিরোধী।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/বিসিএস/এলকিউ/১৬৪২ ঘ.
bdnews24