২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

শুকাচ্ছে আরল সাগর, বিপর্যয় রোধের আহ্বান বানের

আরল সাগর শুকিয়ে যাওয়ার বিপর্যয়কর প্রভাব ঠেকাতে রোববার মধ্য এশিয়ার দেশগুলোকে একযোগে কাজ করার আহ্বান জানিয়েছেন জাতিসংঘের মহাসচিব বান কি-মুন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Apr 2010, 04:11 PM

Updated : 24 Aug 2022, 08:09 PM

ময়নাক, উজবেকিস্তান (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- আরল সাগর শুকিয়ে যাওয়ার বিপর্যয়কর প্রভাব ঠেকাতে রোববার মধ্য এশিয়ার দেশগুলোকে একযোগে কাজ করার আহ্বান জানিয়েছেন জাতিসংঘের মহাসচিব বান কি-মুন। মধ্য এশিয়ায় সফর শুরু করা বান কি মুন উজবেকিস্তানের নেতার সঙ্গে তার নির্ধারিত বৈঠকের কয়েক ঘন্টা আগে এ আহ্বান জানান। পৃথিবীর চতুর্থ বৃহত্তম হ্রদটির বেশির ভাগ অংশই গাছ-গাছালি, লতাগুল্ম ও লবণাক্ত সমতলভূমি দিয়ে ভরাট হয়ে মরুভূমিতে পরিণত হচ্ছে। ১৯৬০ সালে সোভিয়েত পরিকল্পনাবিদরা এ হ্রদ থেকে পানি উত্তোলন করে উজবেকিস্তানে তুলা চাষের জন্য ব্যবহারের সিদ্ধান্ত নেওয়ার পর থেকে এর ৭০ শতাংশ পানি শুকিয়ে গেছে। "আমি খুবই মর্মাহত" বলেছেন বান কি-মুন। হেলিকাপ্টারে তিনি এলাকাটি পরিদর্শন শেষে এ মন্তব্য করেন। তিনি একে পৃথিবীর সবচেয়ে বড় পরিবেশ বিপর্যয়ের অন্যতম আখ্যা দেন। বান বলেন, "আমি উজবেকিস্তানের প্রেসিডেন্ট ইসলাম কারিমভসহ (মধ্য এশিয়ার) সব নেতাদের একসঙ্গে আলোচনায় বসে এর একটি সমাধান খুঁজে বের করার চেষ্টা চালানোর আহ্বান জানাই।" জাতিসংঘের বিশেষ সব সংস্থাই এ ব্যাপারে প্রয়োজনীয় সহযোগিতা করাসহ বিশেষজ্ঞ দিয়ে সহায়তা করবে বলেও আশ্বাস দেন তিনি। ১৯৯০ সালে সোভিয়েত ইউনিয়ন বিভিক্তির সময় আরল সাগরের বেশির ভাগ অংশই পড়ে উজবেকিস্তানের উত্তরাংশে এবং কিছুটা অংশ পড়েছে কাজাখস্তানে। আরল সাগরের আশেপাশে যারা বসবাস করে তারা সে অঞ্চলের সবচেয়ে দরিদ্র জনগোষ্ঠী। তারা প্রতিনিয়ত বিশুদ্ধ পানি ও মাছের অভাবে ভুগছে। দূষণ এবং ধূলিঝড়ের সঙ্গে লড়াই করে কাটছে তাদের জীবন। বান কি মুন মধ্য এশিয়ার সাবেক পাঁচ সোভিয়েত রিপাবলিক সফর করছেন। এ সফরে তুর্কমেনিস্তান, কিরঘিজস্তান, উজবেকিস্তান, তাজিকিস্তানের পর কাজাখস্তানে যাবেন তিনি। এসব দেশে অস্ত্র হ্রাস, জলবায়ু পরিবর্তন এবং আঞ্চলিক সহযোগিতার বিষয়গুলোই তার আলোচনায় প্রাধান্য পাবে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/বিসিএস/এলকিউ/২১৫৫ ঘ.