ভ্যাটিকান সিটি, এপ্রিল ৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)-'অনিয়ন্ত্রিত জীবন শান্তি আনতে পারেনা'- এ বাণীর মধ্য দিয়ে পোপ বেনেডিক্ট ক্যাথলিকদের অন্যতম ধর্মীয় অনুষ্ঠান ইস্টার সানডের সমাবেশে নেতৃত্ব দেন।
শনিবার রাতে সেন্ট পিটার'স বাসিলিকায় এ অনুষ্ঠান শুরু হয়। এসময় সোনালী রংয়ের পোশাক পরা ৮২ বছর বয়সী পোপকে ক্লান্ত দেখাচ্ছিল।
একদিকে পবিত্র এ দিনটিকে নিয়ে নানা আয়োজন আর অন্যদিকে গত কয়েক সপ্তাহ ধরেই ইউরোপের বিভিন্ন দেশে চার্চে যৌন হয়রানির অভিযোগ উত্থাপিত হয়েছে।
এ বিষয়ে সমাবেশে পোপ অবশ্য কিছু বলেননি। তবে এ অভিযোগের কারণে সারা বিশ্বে বিশেষ করে ইউরোপ ও আমেরিকায় গির্জার ভাবমূর্তি ক্ষুন্ন হচ্ছে।
গত কয়েক দশক ধরেই বিশ্বের বিভিন্ন দেশে চার্চে নানা অনিয়ম ও যাজকদের শিশু নির্যাতনের অভিযোগ উঠেছে।
এদিকে এ অভিযোগের মাধ্যমে পোপকে কলঙ্কিত করার চেষ্টা করায় গণমাধ্যমকে দায়ী করেছে ভ্যাটিকান। গণমাধ্যমে প্রকাশিত কিছু কিছু প্রতিবেদনে জার্মানি ও রোমে কার্ডিনালের দায়িত্ব পালনকালে সহিংসতা নিয়ন্ত্রণে অবহেলা করার অভিযোগ করা হয়েছে বেনেডিক্টের বিরুদ্ধে।
যৌন নির্যাতন বিষয়ে ক্যাথলিক চার্চ ও পোপের উপর হামলাকে ইহুদিদের বিরুদ্ধে 'সমষ্টিগত সহিংসতা' বলে মন্তব্য করেছেন পোপের ব্যক্তিগত মুখপাত্র ফাদার রেনিরো কান্টালামেসা। ভ্যাটিকানে গুড ফ্রাইডের এক অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এফএফ/কেএমএস/১৩০০ঘ.
bdnews24