তেহরান, এপ্রিল ০৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- পরমাণু কর্মসূচি নিয়ে সৃষ্ট অচলাবস্থা কাটিয়ে উঠতে কূটনৈতিক উপায় অবলম্বনের জন্য ইরানের প্রতি যুক্তরাষ্ট্র নতুন করে যে আহবান জানিয়েছে, ইরানের প্রেসিডেন্ট মাহমুদ আহমাদিনেজাদ তা প্রত্যাখান করেছেন।
তিনি বলেন, "যুক্তরাষ্ট্রের কঠোর নীতির কোন পরিবর্তন তিনি দেখছেন না।"
শনিবার একটি শিল্প কারখানা উদ্বোধন করতে গিয়ে আহমাদিনেজাদ বলেন, "যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামা গত মাসে ইরানের বর্ষবরণ উপলক্ষে যে বক্তব্য দিয়েছেন তাতে 'তিন চারটি সুন্দর শব্দ' ছাড়া নতুন কিছু নেই।"
টেলিভিশনে প্রচারিত বক্তব্যে আহমাদিনেজাদ বলেন, "যুক্তরাষ্ট্র বলেছে, তারা ইরানের জনগণের প্রতি সাহায্যের হাত বাড়িয়ে দিলেও ইরানের জনগণ ও সরকার তা প্রত্যাখান করেছে।"
আহমাদিনেজাদ প্রশ্ন করেন, আমাদের দিকে কোন হাত আপনারা বাড়িয়ে দিয়েছেন? আপনারা কি পরিবর্তন ঘটিয়েছেন? নিষেধাজ্ঞা কি প্রত্যাহার করেছেন? ইরানের বিরুদ্ধে প্রচারণা কি বন্ধ হবে? চাপ কমে যাবে? ইরাক, আফগানিস্তান, ফিলিস্তিনের প্রতি আপনাদের মনোভাব কি পরিবর্তন হবে?
গত বছর ওবামা বলেছিলেন, ইরান যদি তার দৃঢ় অবস্থান থেকে সরে আসে তাহলে ইরানের পরমাণু কর্মসূচী বন্ধ করতে যুক্তরাষ্ট্র নতুন করে কূটনৈতিক আলোচনায় বসতে রাজি।
কিন্তু ইরান ওয়াশিংটনের কূটনৈতিক আলোচনার প্রস্তাব প্রত্যাখান করেছে।
ওয়াশিংটনের দাবি, ইরান পরমাণু বোমা তৈরীর উদ্দেশ্যে পরমাণু কর্মসূচি চালিয়ে যাচ্ছে।
প্রেসিডেন্ট ওবামা ইরানে জাতিসংঘের নতুন অবরোধ আরোপের জন্য বিশ্বের শক্তিধর রাষ্ট্রগুলোর ওপর চাপ সৃষ্টি করেছেন।
আহমাদিনেজাদ বলেন, "ইরান নতুন অবরোধের ধকল কাটিয়ে উঠতে সক্ষম হবে। এ ধরনের পদক্ষেপ আমাদের জনগণের মনোবল বাড়াতে আরও সহায়তা করবে।"
যুক্তরাষ্ট্রকে উদ্দেশ্য করে তিনি বলেন, "আপনাদের মনে রাখা উচিত, আপনারা যত কঠোর নীতি গ্রহন করবেন, আমাদের জনগণের মনে ক্ষোভের আগুন ততই জ্বলে উঠবে।"
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/বিবি/কেএমএস/১৯০০ঘ.
bdnews24