২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ব্যাংককে দোকান পাট বন্ধ করে দিল লাল শার্টরা

থাইল্যান্ডে নির্বাচনের দাবিতে লাল শার্টদের সরকারবিরোধী আন্দোলন ২১ দিন পেরিয়ে গেলেও গা করছে না প্রধানমন্ত্রী অভিজিৎ ভেজ্জাজিভার সরকার।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Apr 2010, 07:27 AM

Updated : 24 Aug 2022, 08:08 PM

ব্যাংকক, এপ্রিল ০৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- থাইল্যান্ডে নির্বাচনের দাবিতে লাল শার্টদের সরকারবিরোধী আন্দোলন ২১ দিন পেরিয়ে গেলেও গা করছে না প্রধানমন্ত্রী অভিজিৎ ভেজ্জাজিভার সরকার। বিক্ষুব্ধ আন্দোলনকারীরা শনিবার রাজধানী ব্যাংককের প্রধান প্রধান মার্কেটের দোকান পাট জোর করে বন্ধ করে দিয়েছে। থাইল্যান্ডের গ্রামাঞ্চল থেকে আসা লাল শার্ট আন্দোলনকারীদের দমাতে অভিজিৎ ব্যাংককের রাস্তায় ৫০ হাজার সেনা, পুলিশ ও অন্যান্য বাহিনীর সদস্য মোতায়েন করেছে। দক্ষিণ পূর্ব এশিয়ার দ্বিতীয় বৃহত্তম শপিং কমপ্লেক্স সেন্ট্রাল ওয়ার্ল্ডসহ কমপক্ষে ৬টি শপিং মল বন্ধ করে দেয় বিক্ষুব্ধ লাল শার্টরা। তারা মালিকদের প্রতি দোকান বন্ধ করে আন্দোলনে শরিক হওয়ার আহ্বান জানায় এবং কাউকে কাউকে দোকান বন্ধে হুমকিও প্রদান করে। সাধারণত পর্যটক এবং থাইল্যান্ডের উচ্চবিত্ত ও মধ্যবিত্ত শ্রেণীর মানুষ এসব মার্কেটে যায়। একজন লাল শার্ট নেতা বলেন, "আমরা অভিজিৎকে আর ক্ষমতায় থাকতে দিতে পারি না। তার দেশ শাসন করার কোনও বৈধতা নেই।" সামরিক সমর্থনপুষ্ট প্রধানমন্ত্রী অভিজিৎ বলছেন, এ রকম উত্তেজনাকর পরিস্থিতিতে একটি শান্তিপূর্ণ নির্বাচন করা সত্যিই কঠিন হবে। মেয়াদ শেষ হওয়ার এক বছর আগেই অভিজিৎকে ডিসেম্বরের মধ্যে পার্লামেন্ট ভেঙ্গে দিয়ে নির্বাচন দেওয়ার দাবি জানানো হয়েছে। বিশ্লেষকরা বলছেন, যদি এখন নির্বাচন হয় তবে ব্রিটেনে জন্মগ্রহণকারী অভিজিতের হেরে যাওয়ার সম্ভাবনা রয়েছে। এদিকে, লাল শার্টদের আন্দোলনকে অযৌক্তিক আখ্যা দিয়ে শুক্রবার অভিজিতের প্রায় ১ হাজার সমর্থক গোলাপী শার্ট পরে ব্যাংককে মিছিল করে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএমএইচ/কেএমএস/১৩০০ঘ.