২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

পাকিস্তানে আবারও বিরোধে প্রধান বিচারপতি

পাকিস্তানের রাজনীতিতে একটি বিষয় বেশ পরিচিত হয়ে উঠেছে। আর তা হচ্ছে, প্রেসিডেন্টের সঙ্গে প্রধান বিচারপতি ইফতিখার চৌধুরির দ্বন্দ্বময় সম্পর্ক।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Apr 2010, 12:04 PM

Updated : 24 Aug 2022, 08:06 PM

ইসলামাবাদ, এপ্রিল ০২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- পাকিস্তানের রাজনীতিতে একটি বিষয় বেশ পরিচিত হয়ে উঠেছে। আর তা হচ্ছে, প্রেসিডেন্টের সঙ্গে প্রধান বিচারপতি ইফতিখার চৌধুরির দ্বন্দ্বময় সম্পর্ক। মুশাররফ আমলের পর এবার পাকিস্তানের বিচার বিভাগের সঙ্গে নির্বাহী বিভাগের এ দ্বন্দ্ব নতুন করে মাথাচাড়া দিয়ে উঠেছে প্রেসিডেন্ট আসিফ আলী জারদারির দুর্নীতির পুরনো মামলা আবারও শুরু হওয়াকে কেন্দ্র করে। পাকিস্তানের আদালত সাবেক প্রেসিডেন্ট মুশাররফের জারি করা বিতর্কিত রাষ্ট্রীয় ক্ষমা আইন গত ডিসেম্বরে বাতিল করার পর মামলাগুলো নতুন করে সচল হয়েছে। আইন বাতিলের পর আবার পুরোনো মামলা নিয়ে ইফতিখার যে ঘাটাঘাটি শুরু করেছেন তাতে বিষয়টি আইনের মারপ্যাঁচের গণ্ডি পেরিয়ে বাড়াবাড়ির পর্যায়ের চলে যাচ্ছে বলেই এখন সংশয় প্রকাশ করছেন খোদ ইফতিখারের দীর্ঘদিনের বন্ধুরা। শুধু দুর্নীতির বিরুদ্ধে দাঁড়ানোই নয় বরং আবার আন্দোলনের পট প্রস্তুত করাও ইফতিখার আর আদালতে তার সহকর্মীদের লক্ষ্য বলে মনে করছেন তারা। ইফতিখারের ৩০ বছরের বন্ধু অবসরপ্রাপ্ত বিচারক তারিক মেহমুদ বলেন, "লোকজনকে দলে টানতে জনসমর্থন আদায়ের খেলায় নেমেছে তারা। এটা করা উচিত নয়।" এ বিষয়ে মন্তব্য করতে রাজি হননি ইফতিখার ও তার সহকর্মীরা। অবশ্য ইফতিখারের অনেক সমর্থকই মনে করেন, শাসক শ্রেণীর দুর্বিষহ দুর্নীতির বিরোধিতা করতে তিনি সব সময়ই পাকিস্তানের সাধারণ মানুষের পক্ষে দাঁড়িয়েছেন। তাদের মতে, তিনিই দু'দুজন অজনপ্রিয় প্রেসিডেন্ট আসিফ আলী জারদারি এবং তার পূর্বসূরী জেনারেল পারভেজ মোশারফের দুর্নীতির রাশ টেনে ধরেছেন। লাহোর বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের অধ্যাপক রসুল বক্স রইস বলেন, "এই প্রথমবারের মতো বিচার বিভাগ স্বাধীন হয়েছে। স্বাধীন বিচার বিভাগ ছাড়া আমরা সত্যিই রাজনৈতিক ব্যবস্থাকে পরিশুদ্ধ করতে পারি না, পারি না সরকারের জবাবদিহিতা নিশ্চিত করতে।" তবে সবাই ইফতিখারের কর্মকাণ্ডে খুশি নন। ২০০৭ সালের ক্ষমা আইন অসাংবিধানিক বলে বাতিল করে সুপ্রিম কোর্ট। এরপর আবার পুরোনো মামলাগুলো শুরু করেছেন তিনি। জারদারি সহ অনেক মানুষকেই দুর্নীতির অভিযোগ থেকে বাঁচিয়ে রেখেছিল ওই আইন। সেইসঙ্গে এ আইন দুর্নীতিপরায়ণ এসব মানুষকে নতুন করে রাজনীতি করারও সুযোগ তৈরি করেছিল। কিন্তু আইনটি বাতিল হওয়ায় দুর্নীতির মামলাগুলো আবার সচল হয়েছে। রইস বলেন, "পাকিস্তানে দুই প্রতিদ্বন্দ্বীর মধ্যে মূল প্রতিদ্বন্দ্বিতা হচ্ছে, একদল চাইছে দেশটিতে আইনের শাসন প্রতিষ্ঠা করতে, অন্য দল তার বিপরীতটাই চাইছে।" কিন্তু ইফতিখারই সেই ব্যক্তি যিনি বারবারই মনে করিয়ে দিচ্ছেন সরকার চাইলেই বিচার বিভাগের উপর প্রভাব খাটাতে পারবে না। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএমএইচ/এলকিউ/১৭৪৫ ঘ.