জাফনা, এপ্রিল ০২ (বিডিনিইজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)--- শ্রীলংকায় আসন্ন পার্লামেন্ট নির্বাচনের আগে প্রেসিডেন্ট মাহিন্দা রাজাপাকসে সংখ্যালঘু তামিল ভোটারদের আস্থা কামনা করেছেন।
বৃহস্পতিবার তামিল অধুষ্যিত জাফনায় নির্বাচনী প্রচারকালে রাজাপাকসে তার ওপর তামিলদের আস্থা রাখার আহ্বান জানান।
একইসঙ্গে তামিলদের সমস্যা সমাধানে ভূমিকা রাখারও আশ্বাস দেন তিনি।
শ্রীলংকায় তিন দশকের গৃহযুদ্ধ গত মে মাসে শেষ হওয়ার পর রাজাপাকসে এ নিয়ে ২য় বারের মতো জাফনা সফর করলেন।
২৫ বছরের বিচ্ছিন্নতাবাদী যুদ্ধে লিবারেশন টাইগারর্স অব তামিল ইলম (এলটিটিই)'র বিরুদ্ধে জয়ী প্রেসিডেন্ট রাজাপাকসেকে জানুয়ারিরর প্রেসিডেন্ট নির্বাচনে জাফনা ও অন্যান্য তামিল অঞ্চলের জনগণ কয়েক দফায় বর্জন করেছে। নির্বাচনে রাজাপাকসে দ্বিতীয় মেয়াদে ছয় বছরের জন্য নির্বাচিত হন।
৮ এপ্রিল অনুষ্ঠেয় পার্লামেন্ট নির্বাচনের জন্য প্রেসিডেন্টের দল ইউনাইটেড পিপলস ফ্রিডম এল্যাইনস (ইউপিএফএ) প্রচারাভিযানে নেমেছে।
রাজাপাকসে আশা করছেন, এ নির্বাচনে তার দল দুই-তুতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে সংবিধান পরিবর্তনের ক্ষমতা পাবে।
জাফনায় দেওয়া ভাষণে তিনি বলেন, "জাতিগত চিন্তা থেকে আমাদের বেরিয়ে আসতে হবে। আশা করি জনগণের অংশগ্রহণে গঠিত পরিষদের মাধ্যমে জনগণকে নিজেদের সমস্যা নিজেরাই তুলে ধরার সুযোগ করে দিয়ে আমরা উত্তরের বিভিন্ন সমস্যা সমাধান করতে সক্ষম হব।"
ভারত মহাসাগর তীরবর্তী জাফনা শহরের স্টেডিয়ামের এক জনসভায় রাজাপাকসে এ ভাষণ দেন। তিনি বলেন, আসুন উজ্জ্বল ভবিষ্যত গড়ি। আমি যেমন আপনাদের বিশ্বাস করি তেমনি আপনারাও আমাকে বিশ্বাস করুন।"
নির্বাচনে রাজাপাকসের দল দুই তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতা অর্জনের প্রত্যাশা করলেও রাজাপাকসে খুব বেশি তামিল ভোট পাবেন না বলেই মনে করা হচ্ছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/বিবি/এলকিউ/১৬৪৩৯ ঘ.
bdnews24