রাশিয়া, এপ্রিল ১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)--- রাশিয়ার প্রেসিডেন্ট দিমিত্রি মেদভেদেভ বৃহস্পতিবার দাগেস্তানে আকস্মিক সফরকালে বলেছেন, আত্মঘাতী বোমা হামলায় অন্ততপক্ষে ৫০ জন মানুষের প্রাণহানির ঘটনায় জড়িতদের সমূলে বিনাশ করা হবে।
রাশিয়ায় এ সপ্তাহে তিনদিনের মধ্যে মস্কো ও দাগেস্তানে আত্মঘাতী বোমা হামলা হয়েছে। হতাহত হয়েছে প্রায় ১৫০ মানুষ।
দুই জায়গায় এ হামলার পর রাশিয়ার প্রাণকেন্দ্রে এ ধরনের আরও হামলা হওয়ার আশঙ্কা রয়েছে। চেচেন বিদ্রোহীরা এরই মধ্যে হামলার দায় স্বীকার করে এ ধরনের আরও তৎপরতা চালানোর হুমকি দিয়েছে।
দাগেস্তানে বোমা হামলায় ১২ জন নিহত হওয়ার পর মেদভেদেভের ওই মন্তব্যে এটি স্পষ্ট যে, বিদ্রোহীদের মোকাবেলায় কঠোর অবস্থান নিচ্ছেন তিনি।
দাগেস্তানের রাজধানী মাখাছকালায় নিরাপত্তা কর্মকর্তা ও আঞ্চলিক নেতাদের সঙ্গে এক বৈঠকে তিনি বলেন, "আমাদেরকে ধারালো অস্ত্র দিয়ে সন্ত্রাসীদের কুপোকাত করে আস্তানাসহ তাদের বিনাশ করতে হবে।"
তিনি বলেন, 'সন্ত্রাসের বিরুদ্ধে আমাদের লড়াইয়ের পদক্ষেপ হবে নানা মাত্রিক। এ পদক্ষেপগুলো শুধু কার্যকারিই হবে না বরং সেগুলো হবে কঠিন, কঠোর এবং প্রতিরোধক। আমাদের উচিত তাদের শাস্তি দেওয়া।'
তিনি আরো বলেন, "আমরা বহু কুখ্যাত ডাকাতকে শেষ করেছি। কিন্তু তা পর্যাপ্ত হয়নি বলেই মনে হচ্ছে। আমরা সময়মতো তাদেরকে খুঁজে বের করে শাস্তি দেব, যেমনটি আমরা অতীতে করেছি। আমরা কেবল এভাবেই কাজ করে যাব।"
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএইচ/এলকিউ/২০৪০ ঘ.
bdnews24