লন্ডন, এপ্রিল ০১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- বিজ্ঞানীরা প্রথমবারের মতো গান গাইতে পারে এমন একটি পাখির জিন নকশা উন্মোচন করে আটশ'র বেশি জিন শনাক্ত করেছেন। যেগুলো পাখির গান শেখায় ভূমিকা রাখে।
জিনগুলোর মাধ্যমে মানুষের বাক প্রতিবন্ধী নানা রোগের কারণ খুঁজে পাওয়া সম্ভব হতে পারে বলে মনে করছেন বিজ্ঞানীরা। যেমন: অটিজম, স্ট্রোক, তোতলামি কিংবা পারকিনসনস রোগ।
দেখা গেছে, মানব শিশু যেভাবে বড়দের কথা বলা নকল করে কথা বলা শেখে, ঠিক একইভাবে গাইতে শেখে ছোট্ট পাখি জেব্রা ফিঞ্চ। এর মানে হচ্ছে, মানুষের শিক্ষণ ও স্মৃতি সংরক্ষণ প্রক্রিয়া অনুধাবনের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ নমুনা হতে পারে এ ছোট্ট পাখিটি।
অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের জেনোমিক্স বিভাগের অধ্যাপক ক্রিস পন্টিং রয়টার্সকে বলেন, "যে কোনও শিক্ষণ প্রক্রিয়ার জন্য গান একটি চমৎকার নমুনা। গান শেখার জন্য মস্তিষ্কের কোষে যে সমস্ত পরিবর্তন ঘটে তা বোঝার জন্য এ ধরনের পরীক্ষা নিরীক্ষা করা যেতে পারে। মস্তিষ্কের কোষের এ পরিবর্তন বুঝতে সহায়ক উপায় হতে পারে জেব্রা ফিঞ্চের জিনচিত্র।"
২০০৪ সালে মুরগীর জিন নকশা উন্মোচন করার পর এই প্রথমবারের মতো মাত্র ১৪ গ্রাম ওজনের এ অস্ট্রেলীয় পাখির জিন নকশা উন্মোচন করা হল।
মানব শিশুর মতো একই পক্রিয়ায় ফিঞ্চের ছানাও বড়দের অনুকরণে কলকাকলী শেখে। পরে তাদের কাছ থেকে তা শেখে পরবর্তী প্রজন্ম।
মানুষের মতো তাদের এ শিক্ষণ প্রক্রিয়া এবং তাদের অনেক জিনের সঙ্গে মানব জিনের সাদৃশ্য থাকায় এ পাখি মানুষের বাক প্রতিবন্ধকতার কারণ খুঁজে পেতেও সহায়ক ভূমিকা রাখতে পারে।
মানব
bdnews24