২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

বসতিস্থাপন ৪ মাসের জন্য বন্ধ হোক, চায় যুক্তরাষ্ট্র

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামা চান ফিলিস্তিনিদের সঙ্গে শান্তি আলোচনা নতুন করে শুরুর জন্য ইসরায়েল পূর্ব জেরুজালেমে ৪ মাসের জন্য বসতিস্থাপন বন্ধ রাখুক।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 Mar 2010, 11:08 AM

Updated : 24 Aug 2022, 08:03 PM

জেরুজালেম, মার্চ ৩১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)---- যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামা চান ফিলিস্তিনিদের সঙ্গে শান্তি আলোচনা নতুন করে শুরুর জন্য ইসরায়েল পূর্ব জেরুজালেমে ৪ মাসের জন্য বসতিস্থাপন বন্ধ রাখুক। ইসরায়েলের এক পত্রিকা বুধবার একথা জানিয়েছে। ওয়াশিংটন আশা করছে, এ ধরনের চুক্তি হলে ফিলিস্তিনিরা পরোক্ষ আলোচনার পরিবর্তে নতুন করে সরাসরি শান্তি আলোচনা শুরু করতে রাজি হতে পারে। নাম প্রকাশে অনিচ্ছুক এক ইসরায়েলি রাজনৈতিক সূত্রের উদ্ধৃতি দিয়ে ইসরায়েলের হারেজ দৈনিক পত্রিকা একথা জানিয়েছে। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর এক মুখপাত্র টেলিফোনে এ প্রতিবেদনের ব্যাপারে কোনও মন্তব্য করতে অস্বীকৃতি জানান। ফিলিস্তিনিরা ইসরায়েলের সঙ্গে শান্তি আলোচনায় বসার আগে বসতিস্থাপন পুরোপুরি বন্ধ করার দাবি জানিয়ে আসছে। ওদিকে, ওবামাও ইসরায়েলকে পূর্ব জেরুজালেমে বসতিস্থাপন বন্ধ করার আহ্বান জানিয়েছেন। গত সপ্তাহে নেতানিয়াহুর ওয়াশিংটন সফরের সময় তাকে ফিলিস্তিনিদের সঙ্গে আলোচনা শুরুর ব্যাপারে সহায়তা করতে সুুবিবেচনাপূর্ণ আচরণ করার জন্য ওবামা চাপও দিয়েছেন বলে জানা গেছে। কিন্তু জেরুজালেম ইস্যুতে এ পর্যন্ত যুক্তরাষ্ট্রের চাপ উপেক্ষা করে আসা নেতানিয়াহু ওয়াশিংটনের প্রস্তাব নিয়ে এরই মধ্যে আলোচনা করলেও তা কোনও ফল বয়ে আনেনি। কর্মকর্তারা বলেছেন, এ আলোচনা চলবে। হারেজ পত্রিকা বলেছে, গত রোববারের বৈঠকে মন্ত্রীরা এ ব্যাপারে একমত হয়েছেন যে, ইসরায়েল জেরুজালেমে বসতিস্থাপন বন্ধের প্রকাশ্য কোনও ঘোষণা দেবে না। বরং তারা তলে তলে এ ব্যাপারে একটি সমঝোতায় পৌঁছার চেষ্টা নেবে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলকিউ/১৭০৬ ঘ.