২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

মৃত্যুদণ্ড নিয়ে চীনের সমালোচনায় অ্যামনেস্টি

চীনে গত বছর কতজনের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে সেই সংখ্যা প্রকাশ করতে না পারায় আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল মঙ্গলবার চীনের সমালোচনা করেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Mar 2010, 09:07 AM

Updated : 24 Aug 2022, 08:01 PM

লন্ডন, মার্চ ৩০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- চীনে গত বছর কতজনের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে সেই সংখ্যা প্রকাশ করতে না পারায় আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল মঙ্গলবার চীনের সমালোচনা করেছে। অ্যামনেস্টির ধারণা, বিশ্বের সব দেশ মিলিয়ে যত মৃত্যুদণ্ড কার্যকর হয়েছে, এক চীনেই কার্যকর হয়েছে তার চেয়ে বেশি। অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল তাদের নতুন এক প্রতিবেদনে জানায়, ২০০৯ সালে দ্বিতীয় সর্বোচ্চ মৃত্যুদণ্ড কার্যকরের ঘটনা ঘটে ইরানে। দেশটির ৩৮৮টি মৃত্যুদণ্ড কার্যকরের ঘটনার মধ্যে তিন ভাগের এক ভাগ ঘটনা ঘটে গত জুনে প্রেসিডেন্ট নির্বাচনের পর আট সপ্তাহের মধ্যে। অ্যামনেস্টির ভারপ্রাপ্ত জেনারেল সেক্রেটারি ক্লদিও করডোনে এক বিবৃতিতে বলেন, "বিরোধী দলের কন্ঠরোধ, রাজনৈতিক উদ্দেশ্য হাসিল ও প্রভাব বিস্তারের হীনচেষ্টায় গত বছর ব্যাপকসংখ্যায় মৃত্যুদণ্ড কার্যকরের ঘটনা ঘটেছে।" ২০০৯ সালের মৃত্যুদণ্ড ও ফাঁসির প্রতিবেদন প্রকাশের সময় তিনি বলেন, " চীনা কর্তৃপক্ষ দাবি করেছে যে, তারা অল্প সংখ্যক মৃত্যুদণ্ড কার্যকর করেছে। যদি এটা সত্য হয়, তাহলে কেন তারা বিশ্বকে বলছে না যে, কতজনের মৃত্যুদণ্ড কার্যকর করেছে?" জনপ্রিয় সার্চ ইঞ্জিন গুগলের সঙ্গে ঝামেলা নিয়ে এমনিতেই চাপের মুখে আছে চীন। গত বছর ১৮টি দেশে কমপক্ষে ৭১৪ জনকে ফাঁসি দেয়া হয় এবং ৫৬টি দেশে ২ হাজারেরও বেশি লোকের মৃত্যুদণ্ডাদেশ দেয়া হয়। অ্যামনেস্টি জানায়, তাদের এ হিসাব বেশ সতর্কতার সঙ্গেই করা হয়েছে এবং তা চীনকে গণনায় না ধরে। তবে অ্যামনেস্টির ধারণা, কেবল চীনেই হাজারেরও বেশি মানুষকে ফাঁসি দেওয়া হয়েছে। চীনকে বাইরে রাখলে, গত বছর সবচেয়ে বেশি মৃত্যুদণ্ড কার্যকরের ঘটনা ঘটেছে ইরাকে। যার মধ্যে ১২০ জনকে ফাঁসি দেওয়া হয়। মৃত্যুদণ্ড কার্যকরের তালিকায় ইরাকের স্থান তৃতীয়। ফাঁসি, ফায়ারিং স্কোয়াড, শিরচ্ছেদ, পাথর ছোড়া, বৈদ্যুতিক শক ও লেথেল ইনজেকশন দিয়ে মৃত্যুদণ্ড কার্যকর করার ঘটনা এই তালিকাভুক্ত করা হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএমএইচ/কেএমএস/১৪৫০ঘ.