২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

আরো আলোচনায় রাজি থাই প্রধানমন্ত্রী

থাইল্যান্ডের প্রধানমন্ত্রী অভিজিত ভেজ্জাজিভা রাজনৈতিক সংকট সমাধানে সোমবার বিরোধী লাল শার্ট বিক্ষোভকারিদের সঙ্গে আলোচনা পুনরায় শুরু করতে প্রস্তুত বলে জানিয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Mar 2010, 12:52 PM

Updated : 24 Aug 2022, 07:59 PM

ব্যাংকক, মার্চ ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- থাইল্যান্ডের প্রধানমন্ত্রী অভিজিত ভেজ্জাজিভা রাজনৈতিক সংকট সমাধানে সোমবার বিরোধী লাল শার্ট বিক্ষোভকারিদের সঙ্গে আলোচনা পুনরায় শুরু করতে প্রস্তুত বলে জানিয়েছেন। গত কয়েক দিনে সাবেক প্রধানমন্ত্রী থাকসিন সিনাওয়াত্রার সমর্থকদের আগাম নির্বাচনের দাবিতে করা আন্দোলনে দেশটিতে রাজনৈতিক সংকট ব্যাপক আকার ধারণ করে। এতে বিনিয়োগকারিরা ক্ষুব্ধ হয়ে ওঠে। সোমবার শেয়ার বাজারে দর ১ শতাংশ নেমে যায়। গত বুধবারেও শেয়ার দর ২১ মাসের মধ্যে সর্বোচ্চ ছিলো। কিন্তু এ কয়দিনে ২ দশমিক ৬ শতাংশ নেমে যায়। ব্যাংককে যে সামরিক ঘাঁটিতে অভিজিত অবস্থান করছিলেন বিক্ষোভকারিরা রোববার তার সামনে বিক্ষোভ করে। এর আগের দিন তারা সহ্যের শেষ সীমায় আছে বলে ঘোষণা দেয়। রোববারের বিক্ষোভের মুখে সংঘর্ষ এড়াতে প্রধানমন্ত্রী সৈন্য প্রত্যাহার করেন। রোববার অভিজিত লাল শার্ট বিক্ষোভকারিদের সঙ্গে তিন ঘণ্টা বৈঠক করেন। কিন্তু তিনি বিক্ষোভকারিদের আগাম নির্বাচনের সময়সীমা ঘোষণার দাবি প্রত্যাখান করে বলেন, এ ব্যাপারে সমাধানে পৌঁছতে সময় লাগবে। বিক্ষোভকারিরা নির্বাচনের সময়সীমা ঘোষণার বিষয়ে চাপ দিলে তিনি হঠাৎ করেই বৈঠক শেষ করে দেন। জাতুপোরোন প্রোমপান নামে আন্দোলনকারি এক নেতা বলেন, তিনি যেখানে আলোচনা শেষ করেছিলেন সেখান থেকে শুরু করবেন। তিনি সাংবাদিকদের বলেন, 'আমি তাকে যে প্রশ্ন করেছিলাম আবার তাকে সেই প্রশ্ন করবো।' বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএইচ/কেএমএস/১৮৪০ঘ.