দুবাই, মার্চ ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- ইয়েমেনে আন্তর্জাতিক সন্ত্রাসী সংগঠন আল-কায়েদার বিরুদ্ধে অভিযানে অগ্রগতি হয়েছে। আঞ্চলিক ও পশ্চিমা শক্তির সহযোগিতায় ইয়েমেন এই অভিযান চালায়।
ইয়েমেনের প্রেসিডেন্ট আলী আবদুল্লাহ সালেহ শনিবার বলেছেন, আল-কায়েদা সংক্রান্ত সমস্যাকে কিছু গণমাধ্যম অতিরঞ্জিত করে প্রচার করেছে।
ইয়েমেন সরকার আল-কায়েদার বিরুদ্ধে সামরিক অভিযান চালিয়ে যাচ্ছে। ডিসেম্বরে যুক্তরাষ্ট্র্রগামী একটি বিমানে ব্যর্থ বোমা হামলার দায়িত্ব দাবি করে আল কায়েদার ইয়েমেন শাখা।
প্রেসিডেন্ট সালেহ পশ্চিমা ও উপসাগরীয় সহযোগিতা কাউন্সিলের সদস্যসহ আরব মিত্র দেশগুলোর সহযোগিতার প্রশংসা করে বলেন, তথ্যের আদান প্রদানের কারণে আল-কায়েদার বিরুদ্ধে লড়াইয়ে সুফল পাওয়া গেছে।
আল-হায়াত প্রত্রিকাকে দেওয়া এক সাক্ষাৎকারে প্রেসিডেন্ট সালেহ বলেন, আমরা আল কায়েদার বিরুদ্ধে অভিযান পরিচালনা করছি এবং বিভিন্ন দেশ আমাদের সহযোগিতা করছে। এর মধ্যে রয়েছে সৌদি আরব, অন্যান্য উপসাগরীয় দেশ, যুক্তরাষ্ট্র এবং ইউরোপীয় ইউনিয়ন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/বিবি/কেএমএস/১৮৪৫ঘ.
bdnews24