২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

দক্ষিণ কোরিয় নৌবাহিনীর জাহাজডুবি, ৪৬ নাবিক নিখোঁজ

দক্ষিণ কোরিয়ার নৌবাহিনীর জাহাজ ডুবির ঘটনা তদন্তের নির্দেশ দিয়েছেন দক্ষিণ কোরিয় প্রেসিডেন্ট। উত্তর কোরিয়ার সঙ্গে বিতর্কিত সমূদ্র সীমান্তের কাছে জাহাজটি শুক্রবার ডুবে যায়। এর ৪৬ জন নাবিক নিখোঁজ রয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Mar 2010, 08:25 AM

Updated : 24 Aug 2022, 07:56 PM

সিউল, মার্চ ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- দক্ষিণ কোরিয়ার নৌবাহিনীর জাহাজ ডুবির ঘটনা তদন্তের নির্দেশ দিয়েছেন দক্ষিণ কোরিয় প্রেসিডেন্ট। উত্তর কোরিয়ার সঙ্গে বিতর্কিত সমূদ্র সীমান্তের কাছে জাহাজটি শুক্রবার ডুবে যায়। এর ৪৬ জন নাবিক নিখোঁজ রয়েছে। দক্ষিণ কোরিয় কর্মকর্তারা বলছেন, জাহাজডুবির পেছনে উত্তর কোরিয়ার জড়িত থাকার সম্ভাবনা একেবারে নেই বললেই চলে। প্রাথমিকভাবে গুজব রটেছিল, উত্তর কোরিয়া জাহাজটি ডুবিয়ে দিয়ে থাকতে পারে। শনিবার সকালে এক জরুরি বৈঠক ডেকে প্রেসিডেন্ট লি মিইয়ুইং-বাক এ বিষয়ে তদন্তের নির্দেশ দেন। পরে তার উদ্ধৃতি দিয়ে প্রেসিডেন্টের কার্যালয় থেকে বলা হয়, "জাহাজ ডুবির সম্ভাব্য প্রতিটি কারণই খতিয়ে দেখা হবে।" তবে এমবিসি টেলিভিশন প্রতিরক্ষা মন্ত্রণালয়ের এক মুখপাত্রের উদ্ধৃতি দিয়ে জানায়, অভ্যন্তরীণ কোনও বিস্ফোরণের কারণে জাহাজটি ডুবে গেছে কি-না, সে ব্যাপারটিও তদন্ত করে দেখছে মন্ত্রণালয়। স্থানীয় সংবাদ মাধ্যম প্রেসিডেন্টের মুখপাত্রের বরাত দিয়ে জানায়, কৃত্রিম উপগ্রহ থেকে তোলা ছবি এবং অন্যান্য তথ্য থেকে জানা গেছে, জাহাজটি ডুবে যাওয়ার সময় ওই এলাকায় কোনও উত্তর কোরীয় সামরিক অস্তিত্বের দেখা মেলেনি। প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায়, ১০৪ জন নাবিকের মধ্যে ৫৮ জনকে উদ্ধার করা গেছে। নৌবাহিনীর কর্মকর্তারা বলছেন, অনেকেই মারা গেছে। তবে মৃতের সংখ্যা কত তা তারা বলেননি। পরে তারা বলেন, এখনও ৪৬ জন নিখোঁজ রয়েছে। এর আগে দক্ষিণ কোরিয়ার সংবাদ মাধ্যমে বিভিন্ন কর্মকর্তার উদ্ধৃতি দিয়ে বলা হয়েছিল, উত্তর কোরীয় টর্পেডোর আঘাতে জাহাজটি ডুবে গেছে। এমবিসি টেলিভিশন জানায়, ডুবে যাওয়া জাহাজটিকে উদ্ধার করতে ২০ দিন লাগতে পারে। জাহাজটি ১৫ থেকে ২০ মিটার পানির নিচে রয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএমএইচ/কেএমএস/১৪২০ঘ.