টোকিও, ২৬ মার্চ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)----জাপানের প্রধানমন্ত্রী ইয়োকিয়ো হাতোয়ামা শুক্রবার অভিজ্ঞতার অভাবের কারণে তার সরকারের নানা ভুল স্বীকার করে নিয়েছেন।
তবে সরকারকে পরিবর্তন কর্মসূচি নিয়ে এগিয়ে যাওয়ার সুযোগ করে দিতে তিনি ভোটারদের ধৈর্য ধরার আহ্বান জানান।
জাপানের মাত্র ৬ মাস বয়সী সরকার নীতিমালার নানা সমস্যা বিশেষ করে সরকারি ঋণ এবং ওকিনাওয়া দ্বীপে মার্কিন সেনাঘাঁটির বিষয়টি নিয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে বিরোধ কিভাবে সামাল দেবে তা নিয়ে সংশয়ের মধ্যেও হাতোয়ামা এ সমস্যাগুলো সমাধানের কিঞ্চিত ইঙ্গিত দিয়েছেন।
নীতিগত অচলাবস্থা এড়াতে জুলাইয়ে পার্লামেন্টের উচ্চকক্ষের সম্ভাব্য ভোটে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পেতে হবে হাতোয়ামার ডেমোক্র্যাটিক পার্টি অব জাপানকে। কিন্তু ভোটাররা হাতোয়ামার নেতৃত্বে দক্ষতা নিয়ে সন্তুষ্ট নয়। তাছাড়া সিদ্ধান্তগ্রহণে তার অপটুতা এবং অর্থ কেলেঙ্কারির কারণেও এ সম্ভাবনা ক্ষীণ।
এপ্রিল মাস থেকে নতুন বছরের ১ ট্রিলিয়ন ডলারের রেকর্ড বাজেট পাশ উপলক্ষে এক সংবাদ সম্মেলনে হাতোয়ামা বলেন, 'আমরা ৬ মাস হলো ক্ষমতায় এসেছি। অভিজ্ঞতা না থাকায় আমাদের এখনও অনেক সমস্যা আছে বলে আমি মনে করি।'
"কিন্তু আমাদের ঘড়ির কাটার বিপরীত দিকে চললে হবে না। আমি একটি উজ্জ্বল ভবিষ্যতের দিকে এগানোর কথা ভাবছি। তাই ধৈর্যের সঙ্গে আমাদেরকে দিক নির্দেশনা দেওয়ার জন্য আমি জাপানিদেরকে আহ্বান জানাচ্ছি।"
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএইচ/এলকিউ/২০১৫ ঘ.
bdnews24