ব্যাংকক, ২৬ মার্চ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)----থাইল্যান্ডে প্রধানমন্ত্রী অভিজিৎ ভেজ্জাজিভাকে উৎখাত করতে সরকারবিরোধী বিক্ষোভকারী নেতারা এ সপ্তাহ শেষে নতুন করে বড় ধরনের 'ঐতিহাসিক' আন্দোলনে নামার অঙ্গীকার করেছেন।
শুক্রবার ব্যাংককের রাস্তায় রাস্তায় সরকারবিরোধী বিক্ষোভকারীদের সঙ্গে যোগ দিয়েছে বিরোধীদলীয় পার্লামেন্ট সদস্যরাও।
সাবেক প্রধানমন্ত্রী থাকসিন সিনাওয়াত্রার সমর্থকদের এ বিক্ষোভ আন্দোলন শুক্রবার ১৩ দিনে গড়িয়েছে। তারপরও অভিজিতের প্রতি পার্লামেন্ট ভেঙে দেওয়া এবং নতুন করে নির্বাচন দেওয়ার দাবিতে ব্যাংককের পুরোনো শহরের কাছে অবস্থান করছে হাজার হাজার বিক্ষোভকারী।
বিক্ষোভকারী নেতা নাত্তাওয়াত সাইকুয়া জনতার উদ্দেশ্যে বলেন, "প্রতিটি থাই নাগরিক যিনি এ সরকারের পতন চান তাদের এখানেই শনিবার সকালে ইতহাসের সবচেয়ে বড় মিছিলে অংশ নেওয়ার জন্য সমবেত হওয়া উচিত"।
আগের সপ্তাহের শনিবার রাজধানীতে অনুষ্ঠিত বিক্ষোভ সমাবেশের মতোই এবারের বিক্ষোভ রাজধানীতেই করা হবে কিনা সে সম্পর্কে এখনো সিদ্ধান্ত নেননি নেতারা।
সার্বিকভাবে বিক্ষোভ এ পর্যন্ত শান্তিপূর্ণভাবেই হয়েছে। এ মাসে সরকারী কার্যালয়ে কয়েকটি গ্রেনেড বিস্ফোরিত হয়। তবে এতে ক্ষতির পরিমাণ খুব সামান্য এবং কোন হতাহতের ঘটনা ঘটেনি। আর কর্তৃপক্ষও হামলার জন্য বিক্ষোভকারীদের দায়ী করেনি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/বিসিএস/এলকিউ/১৭৩০ ঘ.
bdnews24