নাদ আলী, আফগানিস্তান, মার্চ ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- ব্রিটিশ সিংহাসনের উত্তরাধিকারী প্রিন্স চার্লস বৃহস্পতিবার প্রথমবারের মত আফগানিস্তান সফরে গেছেন। তিনি সেখানে রণাঙ্গনে ব্রিটিশ সেনাদের সঙ্গে কিছু সময় কাটান।
তালেবানদের নিয়ন্ত্রণে থাকা এলাকাগুলোতে যে সব ব্রিটিশ সৈন্য লড়াই করছে তাদেরকে তিনি ধন্যবাদ জানান।
দুই দিনের আফগানিস্তান সফরে প্রিন্স চার্লস ন্যাটো বাহিনীর মার্কিন ও বৃটিশ কমান্ডারদের সাক্ষাত দেন। তিনি কাবুলের পুরোনো অংশে পুনর্গঠন কাজ পরিদর্শন করেন। তার পৃষ্ঠপোষকতায় পরিচালিত একটি দাতব্য সংস্থা এই এলাকায় পুনর্গঠন প্রকল্পে কাজ করছে।
হেলমান্দ প্রদেশের এক সামরিক ঘাটিতে প্রিন্স চার্লস সাংবাদিকদের বলেন, "সেনাবাহিনী এখানে যা করছে তা খুবই প্রশংসার দাবিদার। আমি তাদেরকে যথাসাধ্য সহযোগিতা করব। আমি এখানে আপনাদের ধন্যবাদ জানাতেই এসেছি।"
চার্লসের ছোট ছেলে প্রিন্স হ্যারি ব্রিটিশ সেনা কর্মকর্তা হিসেবে আফগানিস্তানে যুদ্ধ করেছে।
আফগানিস্তানে প্রায় ১০ হাজার ব্রিটিশ সেনা রয়েছে। যুক্তরাষ্ট্রের পর তাদের সৈন্য সংখ্যাই সবচেয়ে বেশি। মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামার কৌশল অনুযায়ী যুক্তরাষ্ট্র এবছর আফগানিস্তানে তাদের সৈন্য সংখ্যা এক লাখে উন্নীত করবে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/বিবি/কেএমএস/১৪১০ঘ.
bdnews24