কাবুল, ২৫ মার্চ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)-আফগানিস্তানের অন্যতম প্রধান জঙ্গি গোষ্ঠী হেজব ই ইসলামির প্রতিনিধির সঙ্গে বৃহস্পতিবার সাক্ষাৎ করেছেন জাতিসংঘ দূত স্টাফান ডে মিসতুরা।
মিসতুরা জাতিসংঘের নতুন প্রধান আফগান প্রতিনিধি। পশ্চিমা কূটনীতিক হিসাবে তিনিই প্রথম জঙ্গি গোষ্ঠীর প্রতিনিধির সঙ্গে সাক্ষাৎ করলেন।
কাবুলে একটি হোটেলে হেজব ই ইসলামির এক প্রতিনিধির সঙ্গে সাক্ষাৎ করেন মিসতুরা।
আফগানিস্তানে বিদেশি সেনা উপস্থিতির বিরুদ্ধে লড়াইরত তিনটি জঙ্গি গোষ্ঠীর মধ্যে হেজাব-ই ইসলামি অন্যতম।
আফগানিস্তানে জাতিসংঘ সহায়তা মিশনের এক বিবৃতিতে বলা হয়, ডে মিস্তুরা তাদের বক্তব্য শুনেছেন। সেইসঙ্গে তাদের কাবুলে আগমন এবং আফগান কর্তৃপক্ষের সঙ্গে চলমান আলোচনায় দেশে শান্তি ও স্থিতিশীলতা ফেরানোর লক্ষ্যে আফগান সরকার পরিচালিত সংলাপের গুরুত্ব আরও বেশি ফুটে উঠেছে বলে ইঙ্গিত দেন তিনি।
ডে মিস্তুরার মুখপাত্র হেজব-ই-ইসলামির সঙ্গে কি আলোচনা হয়েছে তা বিস্তারিত জানাতে অস্বীকৃতি জানান।
হেজব-ই-ইসলামির আলোচক মোহাম্মদ দাউদ আবেদি বুধবার রয়টার্সকে বলেন, দলের নেতারা শান্তি প্রতিষ্ঠায় প্রস্তুত এবং ওয়াশিংটন পরিকল্পনামাফিক আগামী বছর আফগানিস্তান থেকে সৈন্য প্রত্যাহার শুরু করলে তারা তালেবানদের সঙ্গে মধ্যস্থতা করতেও রাজি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএইচ/এলকিউ/২২০০ ঘ.
bdnews24