২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

হেডলিকে নিয়ে বিবাদে জড়াচ্ছে ভারত-যুক্তরাষ্ট্র

২০০৮ সালে মুম্বাই হামলা পরিকল্পনায় জড়িত থাকার স্বীকারোক্তি দেওয়া মার্কিন নাগরিক ডেভিড হেডলিকে জেরা করা নিয়ে বিবাদে জড়াচ্ছে ভারত ও যুক্তরাষ্ট্র।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Mar 2010, 03:38 PM

Updated : 24 Aug 2022, 07:51 PM

নয়া দিল্লি, ২৫ মার্চ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)--- ২০০৮ সালে মুম্বাই হামলা পরিকল্পনায় জড়িত থাকার স্বীকারোক্তি দেওয়া মার্কিন নাগরিক ডেভিড হেডলিকে জেরা করা নিয়ে বিবাদে জড়াচ্ছে ভারত ও যুক্তরাষ্ট্র। ভারতীয় পুলিশ হেডলিকে জেরা করতে পারবে কিনা তা নিয়ে যুক্তরাষ্ট্রের কাছ থেকে সুস্পষ্ট কোনও আভাস পায়নি ভারত। সেকারণে হেডলিকে জিজ্ঞাসবাদ করতে ইতোমধ্যেই আইনি প্রক্রিয়া শুরু করেছে ভারত সরকার। কর্মকর্তারা বৃহস্পতিবার এ কথা জানিয়েছেন। নয়াদিল্লি বলেছে, হেডলিকে জেরা করার সুযোগ দেওয়া হলে ভারতের বিরুদ্ধে লিপ্ত বিভিন্ন জঙ্গি নেটওয়ার্ক সম্পর্কে আরও তথ্য পাবে তারা। যুক্তরাষ্ট্রের শিকাগো আদালতে গত সপ্তাহে ভারতের মুম্বাইয়ে হামলা পরিকল্পনায় সহায়তা করার কথা স্বীকার করেন হেডলি। ওই হামলায় ১৬৬ জন নিহত হয়েছিল। হেডলির ওই স্বীকারোক্তির পরই ভারত তাকে জেরা করার ইচ্ছার কথা জানায় যুক্তরাষ্ট্রকে। কিন্তু এ ব্যাপারে যুক্তরাষ্ট্রের কূটনীতিকদের পরস্পরবিরোধী বক্তব্যের কারণে হতাশ ভারত। বিষয়টি নিয়ে ওয়াশিংটনের সঙ্গে ভারতের সম্পর্কে টানাপোড়েনের হুমকি সৃষ্টি হয়েছে। যুক্তরাষ্ট্রের সহকারী পররাষ্ট্রমন্ত্রী বরার্ট ব্লেক গত সপ্তাহে নয়া দিল্লি সফরকালে বলেন, ভারতীয় তদন্তকারীরা শিকাগোর মার্কিনি হেডলিকে জেরা করতে পারবে। কিন্তু দুই দিন পর ভারতে নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত টিমোথি রোয়েমার বলেন, ওয়াশিংটন এখনও এ ব্যাপারে কিছু জানায়নি। ভারতের উর্ধ্বতন অভ্যন্তরীণ নিরাপত্তা কর্মকর্তা ইউ কে বনসাল রয়টার্সকে বলেন, তিনি এ সপ্তাহে আইন বিশেষজ্ঞদের সঙ্গে বৈঠক করেছেন। আইনি প্রক্রিয়ার মধ্য দিয়ে হেডলিকে জেরা করার ব্যাপারে এগুনোই তার উদ্দেশ্য। আইন মন্ত্রণালয়ের নাম প্রকাশে অনিচ্ছুক এক কর্মকর্তা বলেন, "স্বরাষ্ট্রমন্ত্রণালয় দ্রুত হেডলিকে জেরা করার ব্যবস্থা নিতে কাগজপত্র প্রস্ততের কাজ করছে।" ভারতের সরকারী কর্মকর্তারা এ সপ্তাহে যুক্তরাষ্ট্রের সন্ত্রাস-বিরোধী সমম্বয়ক ড্যানিয়েল বেঞ্জামিনের নয়াদিল্লি সফরকালে তাকে এও বলেছেন যে, ভারতের অধিকার আছে হেডলিকে জিজ্ঞাসাবাদ করার এবং ভারতীয় আদালতে তার বিচার করার। সরকারি কর্মকর্তারা একথা জানান। ভারতীয় আইন বিশেষজ্ঞরা জানান, যুক্তরাষ্ট্রের সঙ্গে অপরাধী হস্তান্তর ও আইনি সহযোগিতা চুক্তি রয়েছে ভারতের। কিন্তু হেডলি মৃত্যুদণ্ড থেকে রেহাই পেয়ে গেলে কিংবা তাকে ভারতের কাছে হস্তান্তর না করা হলে ওই চুক্তি দুপক্ষের মধ্যে বিরোধের কারণ হয়ে দাঁড়াতে পারে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/বিসিএস/এলকিউ/১২১৩৯ ঘ