জেরুজালেম, ২৫ মার্চ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)-অধিকৃত পূর্ব জেরুজালেমে ইহুদি বসতি সম্প্রসারণ নিয়ে ওয়াশিংটনের সঙ্গে বিরোধের কোনওরকম নিষ্পত্তি কিংবা চুক্তি ছাড়াই বৃহস্পতিবার শেষ হয়েছে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর যুক্তরাষ্ট্র সফর।
কার্যকারী ছাড় দেওয়ার ইঙ্গিত দিয়েও নেতানিয়াহু যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামার সঙ্গে কোনো চুক্তিতে পৌঁছতে পারেননি। ফলে ওয়াশিংটনের সঙ্গে ইসরায়েলের সম্পর্কে টানাপোড়েন অমীমাংসিতই রয়ে গেল বলে মন্তব্য করেছেন ইসরায়েলের রাজনৈতিক বিশ্লেষকরা।
ইসরায়েলের প্রেসিডেন্ট শিমন পেরেস বলেন, "নেতানিয়াহু যুক্তরাষ্ট্রের সঙ্গে দৃশ্যত কোনও সমঝোতায় উপনীত হতে পারেননি।"
ইসরায়েলের ইয়েদিয়থ আহরোনথ ও ম্যারিভ দৈনিক পত্রিকা তাদের সংবাদ শিরোনামে বলেছে, 'নেতানিয়াহুর পিঠ দেওয়ালে ঠেকেছে' এবং ইসরায়েল ও যুক্তরাষ্ট্র বিরল সংঘাতে জড়িয়ে পড়েছে।
হা'রেজ দৈনিক পত্রিকা তাদের সংবাদ শিরোনামে লিখেছে, 'যুক্তরাষ্ট্রের সঙ্গে সঙ্কট আরও গভীর হচ্ছে।'
ফিলিস্তিনিরা চায় পূর্ব জেরুজালেম এবং পশ্চিমতীরের বাদবাকী অংশে নতুন ইহুদি বাড়ি নির্মাণ সম্পূর্ণরূপে বন্ধ হোক।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএইচ/এলকিউ/২০০৯ ঘ.
bdnews24