২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

সড়ক প্রকল্পে চীনের সঙ্গে অংশীদারিত্বে আগ্রহী ভারত

সড়ক ও উচ্চ গতি সম্পন্ন রেলওয়ে প্রকল্পের জন্য চীনের সঙ্গে অংশীদারিত্বের বিষয়ে ভারত আগ্রহী বলে জানিয়েছেন ভারতের সড়ক পরিবহন ও মহাসড়ক বিষয়ক মন্ত্রী কমল নাথ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Mar 2010, 08:56 AM

Updated : 24 Aug 2022, 07:46 PM

হংকং, মার্চ ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- সড়ক ও উচ্চ গতি সম্পন্ন রেলওয়ে প্রকল্পের জন্য চীনের সঙ্গে অংশীদারিত্বের বিষয়ে ভারত আগ্রহী বলে জানিয়েছেন ভারতের সড়ক পরিবহন ও মহাসড়ক বিষয়ক মন্ত্রী কমল নাথ। সোমবার হংকংয়ে ক্রেডিট সুইস এশিয়ান ইনভেস্টমেন্ট কনফারেন্সে বক্তৃতায় তিনি বলেন, "অবকাঠামো বিশেষ করে উচ্চ গতির রেলওয়ে নেটওয়ার্ক বিষয়ে ভারত ও চীনের মধ্যে অংশীদারিত্ব বাড়াতে চাই আমরা। এক্ষেত্রে দু দেশেরই ভালো সুযোগ রয়েছে।" ভারত তার সড়ক নির্মাণ প্রকল্পে বিদেশের অংশগ্রহন কামনা করলেও উচ্চ গতির রেলওয়ে যোগাযোগ নিয়ে প্রকাশ্যে কিছু বলছে না। গত বছরের জুলাই মাসে মন্ত্রী জানান, প্রতি বছর সড়ক নির্মাণের জন্য প্রয়োজনীয় ২ হাজার কোটি ডলারের অর্ধেক বিদেশী বিনিয়োগকারীদের কাছ থেকে আসবে বলে তিনি আশা করছেন। এছাড়া তিনি পেনশন তহবিল ও প্রাইভেট ইকুইটি থেকে বিনিয়োগেরও আহ্বান জানান। আগামী তিন বছরে ১৫ হাজার কিলোমিটার সড়ক ও মহাসড়ক নির্মাণ প্রকল্প হাতে নিয়েছে ভারত। সারা বিশ্বে সরকারি-বেসরকারি অংশীদারিত্বের বিভিন্ন প্রকল্পের মধ্যে এটি সবচেয়ে বড়। এ প্রকল্পের জন্য ভারতকে ৭ হাজার কোটি ডলার ব্যয় করতে হবে। এর মধ্যে ৪ হাজার কোটি ডলার নিজস্ব বিনিয়োগ এবং এর এক চতুর্থাংশ আসতে পারে বিদেশী বিনিয়োগ থেকে। ২০০৪ সাল থেকে বাণিজ্য ও শিল্প মন্ত্রী হিসেবে দায়িত্ব পালনের পর ২০০৯ সালের মে মাসে বর্তমান এ পদে নিযুক্ত হন কমল নাথ। এরপর থেকে তিনি সড়ক প্রকল্পে বৈদেশিক বিনিয়োগের জন্য বিভিন্ন রোড শো'র আয়োজন করে আসছেন। তবে চীনের যেকোনো কোম্পানির সঙ্গে অংশীদারিত্ব ভারতের জন্য রাজনৈতিক স্পর্শকাতর হয়ে উঠতে পারে। ভারতে অনেক চীনা কোম্পানিই সন্দেহের দৃষ্টিতে রয়েছে। গত জানুয়ারি মাসে ভারতে এক চিমনি দুর্ঘটনায় ৪১ জন নিহত হওয়ার ঘটনায় চীনা একটি নির্মাণ প্রতিষ্ঠানের তিনজন প্রকৌশলীকে গ্রেপ্তার ও অভিযুক্ত করা হয়েছে। সরকার অবশ্য ইতোমধ্যে চীনা শ্রমিকদের ভিসা পাওয়ার বিষয়টিও কঠিন করেছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এফএফ/কেএমএস/১৪৪০ঘ.