কাঠমান্ডু, মার্চ ২২ (রয়টার্স)- নেপালের সাবেক প্রধানমন্ত্রী গিরিজা প্রসাদ কৈরালার মৃত্যুতে সারা দেশে শোকের ছায়া নেমেছে। খ্যাতিমান এই রাজনীতিকের শেষকৃত্য রোববার সম্পন্ন হয়।
সাবেক প্রধানমন্ত্রী কাঠমান্ডুতে তার কন্যা ও উপপ্রধানমন্ত্রী সুজাতা কৈরালার বাসভবনে শনিবার স্থানীয় সময় দুপুরে মারা যান। তার বয়স হয়েছিলো ৮৫ বছর। তিনি বার্ধক্যজনিত নানা রোগে ভুগছিলেন। কয়েক মাস ধরেই তার স্বাস্থ্য ভালো যাচ্ছিলো না।
নেপালি কংগ্রেস পার্টির সভাপতি ছিলেন গিরিজা প্রসাদ কৈরালা। তিনি ৬ বার দেশের প্রধানমন্ত্রী হন। মাওবাদী গেরিলাদের সঙ্গে দীর্ঘ লড়াইয়ের অবসানে তিনি শান্তি আলোচনার উদ্যোগ নেন।
কাঠমান্ডুর একজন ক্ষুদ্র ব্যবসায়ী রাজু শ্রেষ্ঠ বলেন, "তিনি ছিলেন একজন চৌকষ রাজনীতিক। গণতন্ত্রে উত্তোরণের কঠিন সময়গুলোতে তিনি দেশকে সামলাতে সক্ষম হয়েছিলেন। অল্প দিনের মধ্যেই দেশ তার অনুপস্থিতি টের পাবে।"
ইংরেজি ভাষার দৈনিক কাঠমান্ডু পোস্ট প্রথম পৃষ্ঠায় বিশেষ সম্পাদকীয়তে লিখেছে, কৈরালার মৃত্যু শান্তি প্রক্রিয়ার ক্ষেত্রে অপুরনীয় ক্ষতি।
পশুপতিনাথ মন্দিরের কাছে রাগমতি নদীর তীরে রোববার কৈরালার শেষকৃত্য সম্পন্ন হয়। হাজার হাজার মানুষ তার প্রতি শেষ শ্রদ্ধা জানাতে মাথার ওপর রোদ উপেক্ষা করে ঘন্টার পর ঘন্টা দাড়িয়ে অপেক্ষা করেন।
তারা ফুল দিয়ে তার প্রতি শ্রদ্ধা জানান। অনেকের হাতে ছিলো কৈরালার ছবি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/কেএমএস/১২৪৫ঘ.
bdnews24