বাগদাদ, ২১ মার্চ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)----ইরাকে ৭ মার্চে অনুষ্ঠিত পার্লামেন্ট নির্বাচনের পর দেশজুড়ে ভোট পুনর্গণনার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী নূরী আল মালিকি। এ দাবি পূরণ না হলে দেশ আবারও সহিংসতার মুখে পড়বে বলেও সতর্ক করে দিয়েছেন তিনি।
শনিবার নির্বাচন কমিশন জানায়, এ পর্যন্ত ৯৩ শতাংশ ভোট গণনায় দেখা যাচ্ছে, লিয়াদ আলাওয়ির দল ৮,০০০ ভোটে মালিকির জোটকে ছাড়িয়ে যাচ্ছেন। নতুন এ ফল প্রকাশের পরই মালিকি ভোট পুনর্গণনার এ দাবি জানালেন।
ইরাকের প্রেসিডেন্ট জালাল তালাবানিও রোববার এক বিবৃতিতে নির্বাচন কমিশনকে কয়েকটি প্রদেশে ভোট পুনর্গণনার অনুরোধ জানান।
মালিকি বলেন, গণতান্ত্রিক অভিজ্ঞতা এবং রাজনৈতিক প্রক্রিয়ার বিশ্বাসযোগ্যতা অটুট রাখতে কিছু রাজনৈতিক দল ভোট পুনর্গণনার দাবি তুলেছে।
তিনি বলেন, "আমি উচ্চ নির্বাচন কমিশনকে অবিলম্বে ওই দলগুলোর দাবি পুরণের অনুরোধ জানিয়েছি। যাতে করে রাজনৈতিক স্থিতিশীলতা রক্ষা হয়, নিরাপত্তা পরিস্থিতির অবনতি না ঘটে এবং সহিংসতার পুনরাবৃত্তি এড়ানো যায়।"
শনিবার এক বিবৃতিতে মালিকি একথা বলেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/বিসিএস/এলকিউ/১৭৪৯ ঘ.
bdnews24